শামীম ওসমানের প্লট জব্দ, পরিবারের ২৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুদকের আবেদনের শুনানি নিয়ে রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
নারায়ণঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান নামে থাকা উত্তরা ও পূর্বাচলের দুইটি প্লট জব্দের আদেশ দিয়েছে আদালত।
পাশাপাশি সাবেক এই সাংসদ ও তার স্ত্রী সালমা ওসমান, ছেলে ইমতিনান ওসমান, মেয়ে লাবিবা জোহা অঙ্গনা, পুত্রবধূ ইরফানা আহমেদ রাশমীর নামে থাকা ২৯টি ব্যাংক হিসাব জব্দেরও আদেশ দিয়েছে আদালত।
এসব হিসাবে ১২ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার ৫২০ টাকা রয়েছে।
দুদকের আবেদনের শুনানি নিয়ে রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। দুদকের পক্ষে উপপরিচালক রেজাউল করিম সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
শামীম ওসমানের নামে থাকা দুইটি প্লটের মধ্যে ৩৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের পূর্বাচলের একটি প্লট এবং উত্তরা থানার ৯ কাঠা ১৩ ছঠাক ২২ বর্গফুটের দেড় কোটি টাকার বাড়ির জমি রয়েছে।
আবেদনে বলা হয়, শামীম ওসমান পলাতক অবস্থায় স্থাবর সম্পদ বিক্রি এবং ব্যাংক হিসাব থেকে টাকা তোলার ও স্থানান্তর করার পরিকল্পনা করছেন।
অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে স্থাবর সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন বলে মনে করছে দুদক।
