কুয়ালালামপুরে বাণিজ্য মেলায় বাংলাদেশের ৬ প্রতিষ্ঠান
চার দিনের এ মেলা চলবে শনিবার পর্যন্ত।
কুয়ালালামপুরে ‘২২তম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস’ বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশের ছয়টি প্রতিষ্ঠান।
বাণিজ্য মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বুধবার থেকে শুরু হওয়া মেলা চলবে শনিবার পর্যন্ত।
মেলায় অংশ নিচ্ছে এপেক্স কনভিনিয়েন্স ফুডস লিমিটেড, ঘরের বাজার, প্যারাগন এগ্রো লিমিটেড, তালুকদার এগ্রো ফুডস অ্যান্ড বেভারেজ, নোরিশ ফুডস লিমিটেড ও বায়োফার্মা লিমিটেড।
একটি বুথে রপ্তানি উন্নয়ন ব্যুরো ও কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের যৌথ উদ্যোগে দেশের রপ্তানিযোগ্য পণ্যের পুস্তিকা, প্রকাশনা ও প্রচারণামূলক তথ্যচিত্র প্রদর্শন করা হবে। বৃহস্পতিবার বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করা হবে।
এবারের মেলায় ২ হাজারের বেশি বুথে প্রায় ১ হাজার ৭০০ প্রতিষ্ঠান পণ্য ও সেবা প্রদর্শন করবে।
