Published : 11 Jul 2026, 09:58 PM
কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যাংপাড়া এলাকার পাহাড় থেকে পড়ে গুরুতর আহত মা হাতিকে দ্রুত চিকিৎসা দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন।
শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য দিয়ে বলেন, “ভারি বর্ষণের ফলে নরম মাটি ধসে যাওয়ায় টেকনাফের নাইটাংপাড়ার পাহাড় থেকে একটি বন্য হাতি তিনশ’ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে যায়। হাতিটির পেছনের পা এবং বুকে জখম হয়েছে। এই খবর শুনে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বিগ্ন হয়ে পড়েন।
“তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন যেন হাতিটির চিকিৎসা গুরুত্বের সাথে করা হয়, হাতিটিকে সুস্থ করে তোলার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়।”
টেকনাফ পৌরসভার নাইট্যাংপাড়া ও সদর বনবিটের শিয়াল্যাঘোনা এলাকায় এ মা হাতিটি দুর্ঘটনায় পড়ে।
বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি হাসপাতালের চিকিৎসকদের নিয়ে হাতিটির প্রাথমিক চিকিৎসা দেওয়া শুরু করেন।
বনবিভাগের কর্মকর্তা আবদুর রশিদ বলেন, “চিকিৎসকরা হাতিটিকে চিকিৎসা দিচ্ছেন। কয়েকদিন নিবিড় পরিচর্যা ও চিকিৎসা দেওয়া গেলে হাতিটি সুস্থ হয়ে উঠতে পারে।”
উন্নত চিকিৎসার জন্য চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকদের একটি দল ঘটনাস্থলে আসছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, “আমি আহত হাতিটির চিকিৎসার খোঁজ-খবর নিয়েছি। স্থানীয় প্রশাসন, বন বিভাগের কর্মকর্তারা এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসকরা দ্রুত ঘটনাস্থলে গেছেন। হাতিটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আমাকে জানানো হয়েছে।”
তিনি বলেন, “স্থানীয় প্রশাসন আমাকে জানিয়েছে, বন্য হাতিটির পা ও বুকে ক্ষত স্থানে সেলাই দেওয়া হয়েছে। বন বিভাগ, পুলিশ বিভাগসহ স্থানীয় প্রশাসন সকলে মিলে হাতিটিকে সুস্থ করার চেষ্টা চালাচ্ছে বলে আমাকে জানানো হয়েছে। হাতিটির পেছনের দুইটি পা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পেটেও ক্ষত হয়েছে।”
আরও পড়ুন: