Published : 11 Jul 2026, 07:45 PM
কক্সবাজারের টেকনাফ পৌরসভায় পাহাড় থেকে পড়ে একটি মা হাতি গুরুতর আহত হয়েছে।
টেকনাফ রেঞ্জের বনবিভাগের কর্মকর্তা আবদুর রশিদ বলেন, শনিবার বিকাল ৩টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যাংপাড়া ১ নম্বর ওয়ার্ড এলাকায় পাহাড়ের প্রায় ৩০০ ফুট উঁচু থেকে হাতিটি পড়ে যায়।

বনবিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে ঘটনাস্থলেই হাতিটির চিকিৎসা চলছে।
স্থানীয় বাসিন্দা আলাউদ্দিন বলেন, “ধারণা করা হচ্ছে, পাহাড়ে খাবার খাওয়ার সময় বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় পা পিছলে নিচে পড়ে যায় হাতিটি। গুরুতর আহত হয়ে হাতিটি আর উঠে দাঁড়াতে পারেনি।”
পরে স্থানীয়রা দ্রুত বনবিভাগকে খবর দেন। বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি হাসপাতালের চিকিৎসকদের নিয়ে হাতিটির প্রাথমিক চিকিৎসা দেওয়া শুরু করেন।
বনবিভাগের কর্মকর্তা আবদুর রশিদ বলেন, “চিকিৎসকরা হাতিটিকে চিকিৎসা দিচ্ছেন। কয়েকদিন নিবিড় পরিচর্যা ও চিকিৎসা দেওয়া গেলে হাতিটি সুস্থ হয়ে উঠতে পারে।”
ঘটনাস্থল পরিদর্শন শেষে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী বলেন, “পাহাড় থেকে পড়ে হাতিটি গুরুতর আহত হয়েছে। এটি মাটিতে শুয়ে রয়েছে এবং সামান্য নড়াচড়া করতে পারছে। পেছনের দুটি পা নাড়াতে পারছে না এবং পেটেও আঘাত পেয়েছে।”
তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকদের একটি দল ঘটনাস্থলে আসছে। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় হাতিটিকে অন্যত্র স্থানান্তর করা সম্ভব নয়। তাই ঘটনাস্থলেই চিকিৎসা দিয়ে সুস্থ করার চেষ্টা চলছে।
“সুস্থ হলে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী হাতিটিকে আবার বনে অবমুক্ত করা হবে অথবা প্রয়োজনে চকরিয়া সাফারি পার্কে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।”