Published : 09 Nov 2025, 01:33 PM
কুমিল্লার মুরাদনগর থেকে শত কিলোমিটার দূরে ঢাকার ধানমন্ডিতে ভোটার এলাকা স্থানান্তর করতে যাচ্ছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার বিকাল ৩টায় ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে গিয়ে উপদেষ্টা এ আবেদন করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার এলাকা স্থানান্তরের আবেদনের শেষ দিন হচ্ছে সোমবার। এর আগের দিন সেই আবেদন সারতে যাচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
জনসংযোগ কর্মকর্তা সালাউদ্দিন এদিন সকালে বলেন, “উপদেষ্টা মহোদয় বর্তমানে কুমিল্লার ভোটার। ভোটার এলাকা স্থানান্তর করে তিনি ধানমন্ডি থানার ভোটার হবেন।”
ঢাকা-১০ নির্বাচনি আসনটি ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ এখন পর্যন্ত কুমিল্লা-৩ আসনের (মুরাদনগর) ভোটার। এ আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন বলে গুঞ্জন রয়েছে।
নির্বাচন করতে হলে উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করতে হবে। ইতোমধ্যে বিভিন্ন দল এ বিষয়ে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে।
সংসদ নির্বাচনে যেকোনো এলাকায় ভোটার হয়ে নির্বাচন করার সুযোগ রয়েছে। তবে ভোট দিতে পারবেন কেবল বর্তমান ঠিকানায়। ফলে আসিফ মাহমুদ ঢাকায় ভোটার এলাকায় স্থানান্তর করলে তাকে এ আসনেই ভোট দিতে হবে।
ইসি কর্মকর্তারা জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনে আবাস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের জন্য আবেদনের শেষ সময় ১০ নভেম্বর। রেজিস্ট্রেশন কর্মকর্তাদের ১৭ নভেম্বরের মধ্যে এসব আবেদন অনুমোদন বা বাতিল করে নিষ্পত্তি করতে হবে।
এর আগে গত ফেব্রুয়ারিতেতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস মিরপুরের গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স পাল্টে গুলশান-২ এর বাসার ঠিকানায় ভোটার এলাকা স্থানান্তর করেন।
ঠিকানা বদল হওয়ায় প্রধান উপদেষ্টাকে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দিতে হবে গুলশানের নির্ধারিত কেন্দ্রে। তার নতুন ভোটার এলাকা পড়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডে।
ভোটার স্থানান্তরের আবেদন: নিষ্পত্তি সারতে হবে ১৭ নভেম্বরের মধ্যে