১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’: সেই কনটেন্ট নির্মাতার জামিন

এ কনটেন্ট ক্রিয়েটরের গ্রেপ্তার নিয়ে সোমবার জাতীয় সংসদে আলোচনা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2026, 07:34 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে নিয়ে ‘বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের’ অভিযোগে গ্রেপ্তার কনটেন্ট নির্মাতা এ এম হাসান নাসিমকে জামিন দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাকে জামিন দেন।

তার জামিন আবেদনের শুনানি শেষে আদালত গুলশান থানার এ মামলার পরবর্তী শুনানি পর্যন্ত তার জামিনের আদেশ দেয় বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন।

গত শুক্রবার রাত ৮টার দিকে পশ্চিম আগারগাঁও এলাকার একটি বাসা থেকে নাসিমকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার তাকে কারাগারে পাঠানো হয়।

এ কনটেন্ট ক্রিয়েটরের গ্রেপ্তার নিয়ে সোমবার জাতীয় সংসদে আলোচনা হয়।

সংসদে কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ কার্টুন ‘শেয়ার’ করায় এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তারের ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন।

এর জবাবে চিফ হুইপ মনি বলেন, শুধু তাকে নিয়ে কার্টুন আঁকার কারণে কাউকে গ্রেপ্তার করা হয়ে থাকলে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন।

নাসিমের বিরুদ্ধে গুলশান থানার মামলার বিবরণে বলা হয়, জাতীয় সংসদের চিফ হুইপ মনিকে নিয়ে ফেইসবুকে একটি পোস্ট করা হয়। সেই ফেইসবুক আইডি থেকে বিভিন্ন সময়ে ‘বিভ্রান্তিমূলক তথ্য’ প্রকাশ ও প্রচার করা হয়। চিফ হুইপের হোয়াটসঅ্যাপ নম্বরে বিভিন্ন স্ক্রিনশট পাঠিয়ে ‘ব্ল্যাকমেইলও’ করা হয়।

পরে এ ঘটনায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তি গুলশান থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন।

কার্টুন শেয়ারের মামলায় গ্রেপ্তার নিয়ে সংসদে প্রশ্ন

চিফ হুইপকে নিয়ে 'বিভ্রান্তিকর তথ্য': কনটেন্ট নির্মাতা হাসান নাসিম