১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লেবানন থেকে ফিরলেন আরও ৭০ বাংলাদেশি

সবমিলিয়ে ৩৩৮ জন দেশে ফিরলেন সরকারি ব্যবস্থাপনায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2024, 01:45 PM

Updated : 26 Aug 2026, 10:51 AM

ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে লেবানন থেকে আরও ৭০ জন বাংলাদেশিকে ফেরানো হয়েছে। 

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সকালে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় নামেন তারা।

লেবানন থেকে ফিরতে ইচ্ছুকদের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ ব্যবস্থাপনায় ফেরানো হচ্ছে।

এ পর্যন্ত সাতটি ফ্লাইটে সবমিলিয়ে ৩৩৮ জনকে বাংলাদেশে প্রত্যাবাসন করার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

২০২৩ সালে গাজা যুদ্ধ শুরুর পর থেকে পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছিল হিজবুল্লাহ ও ইসরায়েল। সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে লেবাননে আক্রমণের গতি বাড়িয়েছে ইসরায়েল।

লেবাননে লাখখানেকের মতো প্রবাসী বাংলাদেশি থাকার ধারণা করেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। যুদ্ধাবস্থার মধ্যে দেশে ফিরতে ১ হাজার ৮০০ জন নিবন্ধন করার কথা এর আগে জানিয়েছিল সরকার।

তাদেরকে ফেরানোর প্রক্রিয়ার মধ্যে শনিবার ইসরায়েলি বিমান হামলায় এক বাংলাদেশি নিহত হন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকজন বাংলাদেশির আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যাবাসিত বাংলাদেশিদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা।

আইওএমের তরফে প্রত্যেককে পাঁচ হাজার টাকা পকেটমানি, কিছু খাদ্য সামগ্রী ও প্রাথমিক মেডিক্যাল চিকিৎসার ব্যবস্থা করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, লেবাননে সাম্প্রতিক যুদ্ধাবস্থায় যত জন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে আসতে ইচ্ছুক, তাদের সবাইকে সরকারি খরচে দেশে ফেরত আনা হবে।

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নিহত

প্রথম দফায় লেবানন থেকে ফিরলেন ৫৪ বাংলাদেশি