Published : 30 Mar 2026, 11:16 PM
সংবিধান মেনে চলা, গণভোট অধ্যাদেশ বিল না আনা, জুলাই সনদ, ‘গুম’ আঞ্চলিক বৈষম্য, অবকাঠামো ও দুর্নীতি নিয়ে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের বক্তব্যে সরব ছিল রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা।
সোমবার জাতীয় সংসদের অধিবেশনে এ আলোচনায় অংশ নিয়ে সরকার দলীয় বেশ কয়েকজন সংসদ সদস্য
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেন, সংবিধান মানতে হলে এখনকার প্রধানমন্ত্রীর বাংলাদেশে থাকার কথা না, দেশের বাইরে থাকার কথা। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীরও দেশের বাইরে থাকার কথা।
পটুয়াখালী-২ আসনের এই সংসদ সদস্য বলেন, “৭২ সংবিধানের আলোকে আজকে আমাদের এখানে থাকার কথা নয়। সংবিধান যদি রক্ষা করতে পারত, তাহলে সেদিন বালুর ট্রাক সরানোর জন্য সংবিধানের পৃষ্ঠা খুঁজতে হত না।”
সংবিধান নিয়ে এখন জনগণকে নতুন করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রসঙ্গ টেনে মাসুদ বলেন, “গণভোটকে অস্বীকার করা হলে গোটা বাংলাদেশ আবার জেগে উঠে গণভোট তারা কার্যকর করবে।”
এ দুটি বিষয় নিয়ে ‘জাতির সঙ্গে প্রতারণা’ করা হলে সেটির রাজনৈতিক মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।
তার ভাষায়, “আমি মনে করি পরিষ্কার বক্তব্য গণভোটের প্রতি সমর্থন না জানিয়ে জুলাই সনদকে যদি ইগনোর করা হয় তাহলে আমাদেরকে কিন্তু আবার সেই গুম-খুন- আয়নাঘরের দিকে ধাবিত করা হবে।”
গণভোটের বিরোধিতা মানে ‘আয়নাঘর সমর্থন’ করা বলেও মনে করেন এই সংসদ সদস্য।
সরকার গঠনের পরও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যার বিচার গতি না পাওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
গ্রেপ্তার হয়ে তার কারাগারে থাকার অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে মাসুদ বলেন, “আমার ৩৫০ মামলার জামিন পেতে সাত মাস সময় লেগেছে। আর বের হতে সময় লেগেছে সাড়ে চার বছর। আমি সেই সাড়ে চার বছরে তিনবার রি-অ্যারেস্ট হয়ে দুবার গুম হয়েছি।”
ডিজিএফআই, এনএসআই, ডিবি ও এসবির কাছে নিজের ‘অপরাধ’ জানতে চাওয়ার কথাও তুলে ধরে তিনি বলেন, “তারা হুমকি না, হুমকি আপনারা।”
এক পর্যায়ে ১৯৭২ সালের সংবিধান নিয়ে বর্তমান সরকারি দলের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের এই সংসদ সদস্য।
সরকারি দলের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল বলেন, রোজা ও ঈদে এবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়নি। এবারই প্রথম তারেক রহমানের নেতৃত্বে সরকার দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রেখেছে। বিশ্ব বাজারে তেলের যে পরিস্থিতি তাতেও সরকার তেলের দাম বাড়ায়নি।
সরকারি দলের আরেক সংসদ সদস্য শহীদুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়নের নামে ‘ছেলেভোলানো গল্প’ হয়েছে। গ্রামাঞ্চলে কোনো উন্নয়ন হয়নি বলেও অভিযোগ তার।
মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম কুলাউড়ার উন্নয়নবঞ্চনার কথা তুলে ধরে চা শ্রমিকদের ন্যায্য মজুরি, স্বাস্থ্যসেবা ও শিক্ষার অধিকার নিশ্চিতের দাবি জানান।
মাদারীপুর-৩ আসনের সাংসদ আনিসুর রহমান বলেন, শহীদ পরিবারের অন্তত লাশ বা কবর আছে, কিন্তু গুম হওয়া মানুষের পরিবার জানেই না তাদের স্বজন কোথায়।
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে সরকার কীভাবে সহযোগিতা করবে, তা প্রধানমন্ত্রীর কাছে জানতে চান তিনি।
সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহমিনা রুশদীর তার স্বামী, সাবেক এমপি এম ইলিয়াস আলীর গুমের প্রসঙ্গ তুলে প্রশ্ন রাখেন, “ইলিয়াস আলী কোথায়?
“আমার মত আরও গুম হওয়া পরিবারও জানতে চায় তাদের সন্তান কোথায়।”
গুমের সঙ্গে জড়িতদের বিচার, গুম পরিবারগুলোর পুনর্বাসন এবং আর্থিক সহায়তার দাবি জানান তিনি।
তার দাবি, গত ১৭ বছরে গুম ও খুনের শিকারদেরও জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে হবে।
কুড়িগ্রাম-২ আসনের আতিকুর রহমান মুজাহিদ তার জেলাকে দারিদ্র্যপীড়িত, মঙ্গাপীড়িত ও নদীভাঙনপীড়িত হিসেবে তুলে ধরে বলেন, “আমরা অন্যান্য জেলা থেকে ২০০ বছর পিছিয়ে আছি।”
তিনি বলেন, ২৫ লাখ মানুষের জেলায় সদর হাসপাতালে মাত্র ২৫ জন চিকিৎসক আছেন। সেখানে মেডিকেল কলেজ বা ৫০০ শয্যার হাসপাতাল দরকার।
সংসদ সদস্যদের কাজের পরিবেশ নিয়েও প্রশ্ন তোলেন মুজাহিদ। বলেন, “আমরা সংসদ সদস্য, আমাদের কোনো বসার জায়গা নাই।”
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেন, গোপালগঞ্জের সব মানুষ ‘ফ্যাসিবাদের’ দোসর ছিল না। জেলার ৯৫ ভাগ সাধারণ মানুষ যেন বৈষম্যের শিকার না হয়।
তার অভিযোগ, গোপালগঞ্জকে দুর্নীতির অভয়ারণ্য বানানো হয়েছিল। বড় দুর্নীতিবাজরা পালিয়ে গেলেও তাদের সহযোগীরা এখনও রয়ে গেছে।
সুনামগঞ্জ-১ আসনের কামরুজ্জামান কামরুল তার আসনকে দেশের ‘সবচেয়ে অবহেলিত’ অঞ্চলের একটি হিসেবে বর্ণনা করেন।
হাওরাঞ্চলের বেরিবাঁধ, নদী খনন, সড়ক যোগাযোগ এবং শিক্ষা ও চিকিৎসা সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, বর্ষায় নৌকা আর হেমন্তে মোটরসাইকেল ছাড়া চলাচলের উপায় নেই।
জয়পুরহাট-১ আসনের মো. ফজলুর রহমান সাঈদ বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে আগে প্রকৃত দুর্নীতিবাজদের চিহ্নিত করতে হবে। দখলদারিত্ব ও অবৈধ চাঁদাবাজি বন্ধ না করলে দুর্নীতিবিরোধী বক্তব্যে লাভ হবে না।
“একজন রিকশাওয়ালাকে সারাদিন পরিশ্রম করে চাঁদা দিয়ে আসতে হয়।”
জামালপুর-৩ আসনের মো. মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, গত ৫৫ বছরে বাংলাদেশে স্থায়ী গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলা যায়নি।
বাগ্বিতণ্ডা এড়িয়ে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও আলোচনার মাধ্যমে স্থায়ী গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।