১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জালিয়াতি করে চাকরিতে যোগদানের সময় গ্রেপ্তারদের ৭ দিনের রিমান্ড আবেদন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, তাদের হয়ে পরীক্ষা দিয়েছিলেন অন্য লোক।

জালিয়াতি করে চাকরিতে যোগদানের সময় গ্রেপ্তারদের ৭ দিনের রিমান্ড আবেদন
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2026, 07:07 PM

Updated : 11 Sep 2026, 03:42 PM

জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস সহায়ক পদে চাকরিতে যোগ দিতে গিয়ে গ্রেপ্তার চার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই আবদুল গাফফার হিমেল এ আবেদন করেন। 

প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম জানান, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য বুধবার দিন রেখেছেন।

গ্রেপ্তাররা হলেন—টাঙ্গাইলের আব্দুল আলিম, সিরাজগঞ্জের আলী হায়দার, কুড়িগ্রামের রাসেল রানা লিটন ও গাজীপুরের মাসুদ ফকির।

গত রোববার বিকালে সচিবালয় থেকে তাদের আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা এইচ এম আরিফুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় প্রতারণার অভিযোগ এনে মামলা দায়ের করেন।

মামলার বিবরণ অনুযায়ী, সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর এবং অফিস সহায়কের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার পর যথাক্রমে ২৭৮৪ জন ও ২৩৭০৯ জন প্রার্থী আবেদন করেন। আটক চারজন অফিস সহায়ক পদের প্রার্থী ছিলেন।

অফিস সহায়ক পদের প্রার্থীদের লিখিত পরীক্ষা হয় ১৯ মে। ৯৩১৮ জন প্রার্থী লিখিত পরীক্ষা দেন এবং ১০৭ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। পরে ২৪, ২৫ ও ২৮ জুন তাদের ভাইভা হয়।

মন্ত্রণালয় মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের সবার প্রবেশপত্রসহ ছবি তুলে রাখেন। ভাইভা শেষে ৬ জুলাই অফিস সহায়ক পদে ২০ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

রোববার ছিল তাদের চাকরিতে যোগ দেওয়ার দিন। সে অনুযায়ী অন্যদের সঙ্গে ওই চারজনও মন্ত্রণালয়ে আসেন। কিন্তু ভাইভার দিন তোলা ছবির সঙ্গে চেহারা না মেলায় কর্মকর্তাদের সন্দেহ হয়।

পরে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা স্বীকার করেন, তাদের হয়ে পরীক্ষা দিয়েছিলেন অন্য লোক।

চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৪ জন কারাগারে

পরীক্ষা দিয়েছিল 'অন্য লোক', চাকরিতে যোগ দিতে এসে হলেন গ্রেপ্তার