২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

রেনুকে পিটিয়ে হত্যা: রায় পিছিয়ে ৯ অক্টোবর

২০১৯ সালের মাঝামাঝি সময়ে ছেলেধরার গুজব নিয়ে দেশে যখন তোলপাড় চলছে, সেই সময় উত্তর বাড্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রেনুকে পিটিয়ে মারা হয়।

রেনুকে পিটিয়ে হত্যা: রায় পিছিয়ে ৯ অক্টোবর
তাসলিমা বেগম রেনু

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2024, 03:57 PM

Updated : 10 Sep 2026, 12:19 PM

রাজধানীর বাড্ডায় পাঁচ বছর আগে ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে হত্যার মামলার রায় পিছিয়ে গেছে। 

ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলমের আদালতে সোমবার এ মামলার রায় হওয়ার কথা ছিল। কিন্তু রায় প্রস্তুত না হওয়ায় বিচারক রায়ের জন্য ৯ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করে দিয়েছেন। 

২০১৯ সালের মাঝামাঝি সময়ে ছেলেধরার গুজব নিয়ে দেশে যখন তোলপাড় চলছে, সেই সময় ২০ জুলাই ঢাকার উত্তর বাড্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তসলিমা রেনুকে পিটিয়ে মারা হয়। মেয়েকে ভর্তি করানোর জন্য খবর নিতে সেখানে গিয়েছিলেন ৪২ বছর বয়সী এই নারী।

মর্মস্পর্শী ওই ঘটনায় অজ্ঞাতপরিচয় ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন রেনুর ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটু।

পরে বাদী বাড্ডা সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা শাহনাজ বেগমসহ প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তা ও কর্মচারীদেরও আসামি করতে চেয়ে আদালতে সম্পূরক এজাহার দাখিল করেন। পরে আদালত তদন্তের নির্দেশ দেন।

২০২০ সালের ১০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর আব্দুল হক ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র এবং অপ্রাপ্তবয়স্ক দুই আসামির বিরুদ্ধে দোষীপত্র দাখিল করেন।

অভিযোগপত্রের ১৩ জন হলেন– ইব্রাহিম ওরফে হৃদয় মোল্লা, রিয়া বেগম ময়না, আবুল কালাম আজাদ, কামাল হোসেন, শাহিন, বাচ্চু মিয়া, বাপ্পি ওরফে শহিদুল ইসলাম, মুরাদ মিয়া, সোহেল রানা, আসাদুল ইসলাম, বেল্লাল মোল্লা, রাজু ওরফে রুম্মান হোসেন, মহিউদ্দিন।

রেনুর দুই সন্তান মাহির ও তুবা, তাদের খালা নাজমুন নাহার নাজমার সঙ্গে

রেনুর দুই সন্তান মাহির ও তুবা, তাদের খালা নাজমুন নাহার নাজমার সঙ্গে

২০২১ সালের ১ এপ্রিল ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ ফাতিমা ইমরোজ ক্ষণিকা প্রাপ্তবয়স্ক ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। 

মামলা অভিযোগপত্রে ২৬ জনকে সাক্ষী করা হয়। এরমধ্যে ১৯ সাক্ষী আদালতে এসে সাক্ষ্য দেন।

একই বছর ২২ সেপ্টেম্বর ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোছা. কামরুন্নাহার দুই কিশোর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। 

রেনু লেখাপড়া শেষে আড়ং ও ব্র্যাকে চাকরি করেছেন। স্কুলেও শিক্ষকতা করেছেন। ২০১৭ সালে স্বামী তসলিম হোসাইনের সঙ্গে তার বিয়ে বিচ্ছেদ হয়। রেনুর বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরে।

রেনুর দুই সন্তানের মধ্যে বড় ছেলে হসিন আল মাহির এখন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পড়ছে। সে থাকে হোস্টেলে। আর তার ৯ বছরের বোন তাসমিন মাহিরা তুবা থাকে খালা নাজমুন নাহার নাজমার কাছে। মহাখালীর শিশুমেলা স্কুলে পড়ছে সে।

পুরনো খবর...

রেনুর মেয়ে এখন বলে, তার মা 'আকাশের চাঁদ' হয়ে গেছে

রেনুর কথা ‘বুঝতে চায়নি কেউ’

রেনু হত্যা মামলায় ১৩ আসামির বিচার শুরু

ছেলেধরা সন্দেহে পিটিয়ে হত্যা: ২ কিশোরের বিরুদ্ধেও অভিযোগ গঠন