Published : 24 Jul 2026, 02:33 PM
মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সব বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নৌবাহিনীর নতুন প্রধান খোন্দকার মিজবাহ উল আজীম।
ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণের বেদিতে শুক্রবার তিনি শ্রদ্ধা জানিয়েছেন। এরপর তিনি শিখা অনির্বাণের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান নৌসদর দপ্তরে এসে পৌঁছালে নৌ সদরের প্রিন্সিপাল স্টাফ কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানিয়েছেন। এরপর নৌবাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেছেন।
এ সময় নৌসদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ কর্মকর্তারা এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয় "প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী দেশের সমুদ্রসীমা ও সুনীল অর্থনীতির সুরক্ষা নিশ্চিত করতে নৌবাহিনীকে একটি শক্তিশালী ও আধুনিক ব্লু ওয়াটার নেভি হিসেবে গড়ে তোলার পাশাপাশি নৌবাহিনীতে আধুনিক ফ্রিগেট, সাবমেরিন, অত্যাধুনিক সোনার ও রাডার সিস্টেমসহ আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা সুসংহত করার লক্ষ্যে নৌবাহিনী প্রধান দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।"
রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিজবাহ উল আজীমকে গত ১৬ জুলাই ভাইস অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি দিয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্ব দেয় সরকার।
তিনি সর্বশেষ ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন। নৌবাহিনীর শীর্ষ পদে অ্যাডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হলেন।
রাজশাহী ক্যাডেট কলেজের সপ্তদশ ব্যাচের ছাত্র মিজবাহ উল আজীম ১৯৮৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন পান।
চাকরি জীবনে তিনি ঢাকা ও চট্টগ্রাম নৌ অঞ্চলসহ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ডের নেতৃত্ব দিয়েছেন।
বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ডেন্টের দায়িত্বও তিনি পালন করেছেন।
আর পড়ুন-