১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপকে রিমান্ডে চায় পুলিশ

রিমান্ডের বিষয়ে রোববার শুনানি হওয়ার কথা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2026, 11:24 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যায় প্ররোচনার মামলায় একই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই কাজী ইকবাল হোসেন বুধবার আদালতে তার রিমান্ডের আবেদন করেছেন।

প্রসিকিউশন বিভাগের এসআই কামাল হোসেন বৃহস্পতিবার বলেন, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম আসামির উপস্থিতিতে রোববার রিমান্ডের বিষয়ে শুনানির দিন রেখেছেন।

মুনিরা মাহজাবিন মিমো ছিলেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পরিবারের সঙ্গে বাড্ডার বাসায় থাকতেন মিমো।

রোববার সকালে নিজের ঘর থেকে ওই শিক্ষার্থীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তার কক্ষ থেকে একটি চিরকুট পাওয়া যায়।

সেখানে লেখা ছিল, “সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে। হানি আর সুদীপ স্যার ভালো থাকো। স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেওয়া...।”

মিমোর বাবা মোহাম্মদ গোলাম মোস্তফা সেদিনই আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে মামলা করেন।

মামলা দায়েরের পরে সুদীপকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। তার পক্ষে আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

আরও পড়ুন-

মিমোর আত্মহত্যা: একাডেমিক কার্যক্রম থেকে সরানো হল শিক্ষক সুদীপকে

মিমোর 'আত্মহত্যায় প্ররোচনা': জামিন নাকচ, শিক্ষক সুদীপ কারাগারে

মিমোর 'আত্মহত্যায় প্ররোচনা': শিক্ষক সুদীপকে কারাগারে আটক রাখার আবেদন

ঢাবি ছাত্রীর 'আত্মহত্যা', শিক্ষক গ্রেপ্তার