১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খাতা পুনর্নিরীক্ষণ: ঢাকা বোর্ডের ফেল করা ৩ শিক্ষার্থী পেলেন জিপিএ-৫

জুলাই মাসে প্রকাশিত ফলাফলে ‘ফেল’ দেখানো হয়েছিল–এমন ২৯৩ জন পরীক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণে পাস করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2025, 02:56 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ফেল করা ঢাকা শিক্ষা বোর্ডের তিন শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেয়েছে। 

জুলাই মাসে প্রকাশিত ফলাফলে ‘ফেল’ দেখানো হয়েছিল–এমন ২৯৩ জন পরীক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণে পাস করেছেন। আর জিপিএ-৫ পেয়েছেন নতুন ২৮৬ জন।

রোববার এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের এই ফল প্রকাশ করেছে দেশের সব শিক্ষা বোর্ড।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৯২ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী ২ লাখ ২২ হাজার ৫৩৩টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন এবার। তাদের মধ্যে মোট ২ হাজার ৯৪৬ জনের গ্রেড পয়েন্ট পরিবর্তন হয়েছে।

বোর্ডগুলো নিজ নিজ ওয়েবসাইটে খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করছে। আর শিক্ষার্থীরা যে মোবাইল ফোন নম্বর দিয়ে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন, সে নম্বরে এসএমএস পাঠিয়ে পরিবর্তিত ফল জানানো হচ্ছে।

ঢাকা বোর্ডের এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল

গত ১০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়, তাতে ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছিলেন। 

ওই ফল নিয়ে যাদের আপত্তি আছে, তাদের ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের আবেদন করার সুযোগ দেওয়া হয়।

শিক্ষার্থীরা টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা ফি দিয়ে আবেদন করে।

খাতা পুনর্নিরীক্ষণের সময় শিক্ষা বোর্ডগুলো নতুন করে খাতা মূল্যায়ন করে না, শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর কেবল যোগ করে দেখা হয়।