Published : 13 Jun 2026, 07:12 PM
এলএনজি সরবরাহের একটি ভাসমান টার্মিনাল বা এফএসআরইউয়ের রক্ষণাবেক্ষণের কারণে তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় শনিবার মধ্যরাত পর্যন্ত গ্যাসের চাপ কম থাকতে পারে।
শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করেছে তারা।
দেশে গ্যাস সরবরাহ ব্যবস্থায় আমদানি করা এলএনজির ওপর নির্ভরতা বেড়েছে। দেশীয় গ্যাসের ঘাটতি সামাল দিতে কক্সবাজারের মহেশখালীতে ভাসমান টার্মিনালের মাধ্যমে এলএনজি পুনর্গ্যাসীকরণ করে জাতীয় গ্রিডে দেওয়া হয়।
এর আগেও ভাসমান এলএনজি টার্মিনালে রক্ষণাবেক্ষণ বা সরবরাহ বিঘ্নের কারণে তিতাস এলাকায় গ্যাস সংকট দেখা দিয়েছে।
তিতাসের অধিভুক্ত এলাকায় ঢাকা মহানগরীসহ আশপাশের বড় অংশে আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহক রয়েছে। ফলে সরবরাহ কমলে দ্রুত গ্রাহক পর্যায়ে চাপ কমে যাওয়ার প্রভাব পড়ে।
এলএনজি হলো আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, যা এফএসআরইউতে আবার গ্যাসে রূপান্তর করে পাইপলাইনে সরবরাহ করা হয়। সরকারি প্রতিষ্ঠান আরপিজিসিএলের তথ্য অনুযায়ী, প্রাকৃতিক গ্যাসকে মাইনাস প্রায় ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠাণ্ডা করে এলএনজিতে রূপান্তর করা হয়।