০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

হাম: আরও ৭ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ২০৮

সারাদেশে এ পর্যন্ত হামে মারা গেছে ৮৩ শিশু, আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪০৫ জনের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2026, 05:23 PM

Updated : 26 Aug 2026, 03:39 PM

দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে ছোঁয়াচে এই ভাইরাসজনিত রোগের উপসর্গ নিয়ে মারা গেছে আরও চারজন। 

আর নতুন করে ২০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৩ শিশুর। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৪০৫ জন মারা গেছে।

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১৬০ জন ঢাকা বিভাগে মারা গেছে; আর ৭৮ জন মারা গেছে রাজশাহী বিভাগে। তার পরেই রয়েছে সিলেট, ওই বিভাগে মারা গেছে ৪০ জন। এছাড়া চট্টগ্রামে ৩৯, ময়মনসিংহে ৩৪, বরিশালে ২৯, খুলনায় ২১ ও রংপুর বিভাগে মারা গেছে ৪ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময়ে ১ হাজার ৪২৩ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে; যাদের মধ্যে এক হাজার ২৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৫১৭ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ১৫ জন ভর্তি হয়েছে রংপুরে।

এ নিয়ে দেশে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ২৭৯, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮ হাজার ২৭৫।