Published : 24 Nov 2025, 06:04 PM
ভূমিকম্পের ক্ষতি কমাতে এখনই ‘সমন্বিত উদ্যোগ’ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশে (আইইবি) এক সেমিনার ও মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
‘ভূমিকম্প ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয়’ শিরোনামে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এ অনুষ্ঠান আয়োজন করে।
পরিবেশ উপদেষ্টা বলেন, “ভবিষ্যতের বড় ধরনের ভূমিকম্পের ক্ষতি কমাতে এখনই সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। শুধু রাজউক নয়, সংশ্লিষ্ট সব সংস্থাকে একসঙ্গে কাজ করতে হবে।
“জননিরাপত্তার স্বার্থে প্রয়োজন হলে ব্যক্তিগত সম্পত্তির ঝুঁকি নিরুপণ ও কঠোর ব্যবস্থা গ্রহণে সরকারের হস্তক্ষেপের ক্ষমতা থাকতে হবে।”
রাজউকের পাশাপাশি ‘তৃতীয় পক্ষের’ মাধ্যমে ঝুঁকির মাত্রা নির্ণয় শুরু করা যেতে পারে বলে প্রস্তাব করেন উপদেষ্টা।
বিভিন্ন এলাকায় স্থানীয়দের সহায়তায় জরিপ কার্যক্রম দ্রুত শুরু করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “অপেক্ষা করার সুযোগ নেই; মানুষকে আশ্বস্ত করতে হবে যে, সরকার ভূমিকম্প মোকাবিলায় সক্রিয়ভাবে কাজ করছে।”
সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের ধীরগতির সমালোচনা করে পরিবেশ উপদেষ্টা বলেন, “অনেক সিদ্ধান্তই বাস্তবায়নের অভাবে ঝুলে থাকে। এগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। রাজউককে প্রয়োজনীয় ক্ষমতা দিয়ে প্রক্রিয়াটি সহজ করে তোলাটা এখন জরুরি।”
অনুষ্ঠানে গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন রাজউক চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম।