১৬ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩

‘জুলাই শহীদ দিবস’: পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

সকালে সচিবালয়সহ ঢাকার বেশ কয়েকটি সরকারি দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত দেখা যায়।

‘জুলাই শহীদ দিবস’: পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক
রাষ্ট্রীয় শোক পালনে বুধবার সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2025, 12:48 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিকে স্মরণ করে জাতীয় পতাকা অর্ধনমিত রাখাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

একদিন আগেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন দিয়ে বুধবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করা হয়।

সকালে সচিবালয়সহ ঢাকার বেশ কয়েকটি সরকারি দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত দেখা যায়। এদিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জোহরের নামাজের পর জুলাই শহীদদের আত্মার মাগফেরাতে দোয়ার আয়োজন রয়েছে। 

এছাড়া সারাদেশের মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকেও প্রার্থনার আয়োজন করার অনুরোধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে।

সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ২০২৪ সালের জুলাইয়ে যে আন্দোলন শুরু হয়, তা পরে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। সেই আন্দোলনের মধ্যে ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। তার মৃত্যুর ঘটনায় আন্দোলন আরও তীব্রতা পায়।

পরে তীব্র আন্দোলনের মুখে ৫ অগাস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। দেড় দশক ধরে চলা আওয়ামী লীগের শাসনের অবসান হয়। এর তিন দিন পর ৮ অগাস্ট নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়।

অভ্যুত্থানের সেই স্মৃতিকে ধরে রাখতে বর্ষপূর্তি উপলক্ষে ১ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত ৩৬ দিনের নানা অনুষ্ঠান ঘোষণা করে সরকার। সেই ধারাবাহিকতায় এদিন পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস।