১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এবতেদায়ীর বৃত্তি পরীক্ষা ফিরছে, কবে-কীভাবে

“পরীক্ষার বিস্তারিত পাঠ্যক্রম ও মানবণ্টন আমরা শিগগিরই প্রকাশ করবো,” বলেন অধ্যাপক কামরুল আহসান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2025, 11:16 PM

Updated : 26 Aug 2026, 01:32 PM

প্রায় দেড় দশক পর মাদ্রাসার এবতেদায়ী পর্যায়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা দেওয়ার সুযোগ ফিরছে। 

সর্বশেষ ২০০৮ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবতেদায়ী পর্যায়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা। 

চলতি বছর ডিসেম্বরের শেষে এ শিক্ষার্থীরা আবারও বৃত্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী ডিসেম্বর মাসে এবতেদায়ী বৃত্তি পরীক্ষা হবে। ২১ থেকে ২৮ ডিসেম্বর এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা আছে। বিষয়টি আমরা (মাদ্রাসা শিক্ষা বোর্ড) উপজেলা শিক্ষা কর্মকর্তাদের চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছি।”

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলছিলেন, ২০০৯ সালে প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা চালু হওয়ার পর আলাদা করে বৃত্তি পরীক্ষা নেওয়ার রেওয়াজ বন্ধ হয়ে যায়। সমাপনী পরীক্ষার ফলের ভিত্তিতেই শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হত। 

তিনি বলেন, “করোনাভাইরাস মহামারীর জেরে ২০২০ সালে এ পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। পরে শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ কমাতে প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিল করা হয়। এরপর এ শিক্ষার্থীরা আর বৃত্তি পাননি।”

যেভাবে হবে পরীক্ষা 

পরীক্ষা পদ্ধতি বর্ণনা করে মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, “মোট ছয়টি বিষয়ে পাঁচটি পত্রে এ পরীক্ষা আয়োজিত হবে। কুরআন মাজিদ এবং আকাইদ ও ফিকহ, আরবি প্রথম ও দ্বিতীয় পত্র, বাংলা, ইংরেজি এবং গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা হবে। 

“গণিত ও বিজ্ঞান পরীক্ষা এক পত্রে হবে। প্রতিটি পত্রের নম্বর হবে ১০০। আগামী ২১, ২২, ২৩, ২৪ ও ২৮ ডিসেম্বর এ পাঁচটি পত্রের পরীক্ষা আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।”

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা ও দাখিল মাদ্রাসার সঙ্গে সংযুক্ত এবতেদায়ী মাদ্রাসাগুলোর পঞ্চম শ্রেণির সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক।

তিনি বলেন, “পরীক্ষার বিস্তারিত পাঠ্যক্রম ও মানবণ্টন আমরা শিগগিরই প্রকাশ করবো।”

ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বর মাসের শেষাংশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা নেওয়ার হবে। ২১ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে যে কোন দুই দিন এ পাঁচ বিষয়ে চার পত্রে মোট ৪০০ নম্বরের পরীক্ষা হবে।

তবে অধিদপ্তর বলছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় ও সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশ নেওয়ার সুযোগ থাকলেও এবারের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ মিলবে না।

আরও পড়ুন:

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা কবে-কীভাবে