Published : 20 Jul 2025, 11:21 PM
এবারও প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বসছে বৃত্তি পরীক্ষায়। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে এই পরীক্ষা হতে পারে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই অধীন পরীক্ষণ বিদ্যালয় ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ভুক্ত প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় বসার সুযোগ পাবে। তবে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে না।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম বৃহস্পতিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে যেকোনো দুই দিন বৃত্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। পরীক্ষা হবে পাঁচ বিষয়ে চার পত্রে; মোট ৪০০ নম্বরে। প্রতিটি পত্রের পরীক্ষা হবে আড়াই ঘণ্টার।
বৃত্তি পরীক্ষার বিষয়ে ইতোমধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের ‘অবহিতকরণ পত্র’ পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তর বলছে, বাংলা, ইংরেজি ও গণিতে ১০০ নম্বর করে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। আর বাংলাদেশ ও বিশ্বপরিচায় বিষয়ে ৫০ এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা হবে একসঙ্গে। ২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর বৃত্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
প্রথম সাময়িক পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে পঞ্চম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিটিআই অধীন পরীক্ষণ বিদ্যালয় থেকে এ পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।