Published : 25 Aug 2026, 12:22 AM
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুদিনের মাথায় ফের ৫ কেজির বেশি অপ্রচলিত মাদক কুশসহ দুই ভারতীয়কে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
এছাড়াও তাদের কাছ থেকে তিন লিটার মদ এবং ২৪টি ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে।
অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুরে তাদের শাহজালাল বিমানবন্দর কার্যালয়ের সদস্যরা দুই ভারতীয়কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন সানোয়ার আলী ও ইমতিয়াজ আহমেদ। তারা ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বাসিন্দা।
ডিএনসি বলছে, ওই দুজন থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দুপুরে ঢাকায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির কর্মকর্তারা বিমানবন্দরের নিচ তলায় আগমনী হলের গ্রিন চ্যানেলে এলে তাদের আটক করে। এ সময় তাদের ট্রাভেল ট্রলি তল্লাশি করে শাড়ির আড়ালে কৌশলে লুকানো পাঁচ কেজি ৪০ গ্রাম কুশ, তিন লিটার মদ এবং ২৪টি ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
এ ছাড়া তাদের কাছ থেকে দুটি ভারতীয় পাসপোর্ট, চারটি স্মার্টফোন, ৪০০ মার্কিন ডলার, ১১৭০ থাই বাথ এবং সমপরিমাণ ভারতীয় রুপি জব্দ করা হয়।
আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। ডিএনসির বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন মামলাটি করেন।
ডিএনসির দাবি, গ্রেপ্তার দুজনের সহযোগী কয়েকজন বাংলাদেশিকে এরইমধ্যে শনাক্ত করা হয়েছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।
এ নিয়ে গত এক সপ্তাহে গাঁজাজাতীয় মাদকদ্রব্য কুশের তিনটি চালান জব্দ করল ডিএনসি বিমানবন্দর শাখা। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা প্রত্যেকেই ভারতের নাগরিক। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় ৩টি মামলাও হয়েছে।
এর আগে গত শনিবার ৩ কেজি কুশসহ এক ভারতীয়কে গ্রেপ্তার করা হয়। এছাড়া গত মঙ্গলবার বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশের একটি চালান আটকে দেয় ডিএনসি। এই ঘটনায় জড়িত দুজনের পাসপোর্ট উদ্ধার করা গেলেও তারা কৌশলে পালিয়ে যায়।
এসব ঘটনায় জড়িতদের প্রত্যেকেই থাই এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় পৌঁছায়। তাদের প্রত্যেকের কাছ থেকে থাইল্যান্ডের মুদ্রা বাথ, ভারতীয় রুপি এবং ডলার জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: