Published : 23 Aug 2026, 09:16 AM
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ কেজি কুশসহ হোসাইন আব্দুল কাদের শেখ নামের এক ভারতীয়কে আটক করার কথা জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শনিবার বিকালে বিমানবন্দরের নিচ তলায় আগমনী হলের গ্রিন চ্যানেলে তাকে আটক করা হয় বলে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ডিএনসি বলছে, একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শনিবার দুপুর ২টায় বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অবস্থান নেয় অধিদপ্তরের একটি বিশেষ দল, যাতে নেতৃত্ব দেন সহকারী পরিচালক আবু সাঈদ মিয়া। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় আসা ৪৮ বছর বয়সি আব্দুল কাদেরকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
পরে বিমানবন্দরে বিভিন্ন সংস্থার সামনে তার ট্রলি ব্যাগ তল্লাশি করে কাপড়ের নিচে কৌশলে লুকানো তিন কেজি কুশ ((গাঁজা গোত্রীয় মাদক) উদ্ধার করা হয়। এছাড়া তার কাছে ১টি ফোন, ৪০০ ডলার, ১ হাজার ৫৫০ থাই বাথ এবং ৪০০ ভারতীয় রুপি জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিএনসি জেনেছে, বাংলাদেশে কয়েকজন ব্যক্তির যোগসাজশে অভিযুক্তের থাকার বন্দোবস্ত ও মাদক চোরাকারবারে সহযোগিতা করার কথা ছিল।
কাদের শেখ ভারতের কর্ণাটক রাজ্যের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এর আগে গেল মঙ্গলবার শাহজালাল বিমানবন্দর থেকে ৪ হাজার ১৮০ গ্রাম কুশ এবং দুটি ভারতীয় পাসপোর্টের ফটোকপি জব্দ করেছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সেই ফ্লাইটটিও ছিল থাই এয়ারওয়েজের। এ ঘটনায় পলাতক দুজন হলেন ২৮ বছর বয়সি আকাশ দুবে ও ৩৪ বছর বয়সি আকাশ পান্ডে।
তার দুজনই কলকাতার গন্ডালপাড়ার বাসিন্দা। এ দুজনের বিরুদ্ধেও ঘটনার দিনই বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছে ডিএনসি।