লঞ্চ দুর্ঘটনায় নিহতদের দুই পরিবারকে নৌপরিবহন মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা
নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী।
রোজার ঈদে বরিশালে যাওয়ার পথে সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহত বরিশাল জেলার মেহেন্দিগঞ্জের বাসিন্দা সোহেল ও মিরাজের পরিবারকে নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
শনিবার সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান নিহতদের স্বজনদের হাতে পৃথক চেকের মাধ্যমে আর্থিক সহায়তা তুলে দেন বলে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।
এ সময় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে আরও ২৫ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
তিনি বলেন, “নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।”
গেল ১৮ মার্চ বিকাল ৫টার দিকে একটি লঞ্চ সদরঘাট ছেড়ে যাওয়ার জন্য পেছাতে শুরু করলে দুই লঞ্চের মাঝে পড়ে একটি ইঞ্জিনচালিত নৌকা।
তাতে দুই যাত্রী আহত হত। পরে তারা দুজনেই মারা যান।
