১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

জুলাই হত্যাকাণ্ডে ‘উসকানি’: আরও সাংবাদিকের বিরুদ্ধে তদন্ত চলছে

প্রধান কৌঁসুলি বলছেন, “অন্য একটি মামলার তদন্ত করতে গিয়ে প্রসিকিউশন সাগর-রুনি হত্যা মামলা সংক্রান্ত একটি ‘ক্লু পেয়েছে’; সেটি তদন্তের দায়িত্বে থাকা টাস্ক ফোর্সকে দেওয়া হবে।”

জুলাই হত্যাকাণ্ডে ‘উসকানি’: আরও সাংবাদিকের বিরুদ্ধে তদন্ত চলছে
আমিনুল ইসলাম। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Sep 2026, 02:55 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

জুলাই অভ্যুত্থানের সময় বিভিন্ন হত্যা ও নির্যাতনে উসকানির অভিযোগে আরও কয়েকজন সাংবাদিকের ‘সম্পৃক্ততা পাওয়ায়’ তাদের বিরুদ্ধে তদন্ত চলছে ভাষ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আমিনুল ইসলাম বলেন, দেশের কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ রয়েছে এবং তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্ত সেল তদন্ত করছে।

“ওই সাংবাদিকদের কেউ কেউ একটি ফ্যাসিস্ট সরকারকে বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ সংগঠনে উসকানি ও সহযোগিতা করেছেন বলে অভিযোগ রয়েছে। জুলাই আন্দোলনের সময়ও তাদের বিভিন্ন উসকানিমূলক বক্তব্য এবং অপরাধ সংঘটনে এক ধরনের সহায়তার অভিযোগ রয়েছে।”

প্রধান কৌঁসুলি বলেন, এসব অভিযোগের ভিত্তিতে তদন্তের অংশ হিসেবে আপাতত তিনজন সাংবাদিককে আটক রাখা হয়েছে। ওই তিনজনের মধ্যে দুজনকে শাপলা চত্বর মামলায় আগেই গ্রেপ্তার করা হয়েছিল। পরে ওই দুইজনসহ আরও একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জুলাই অভ্যুত্থানের সময় বিভিন্ন হত্যা ও নির্যাতনে উসকানির অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ২৪ অগাস্ট সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখানো হয়।

আমিনুল ইসলাম বলেন, নির্দিষ্ট অভিযোগ থাকা অন্য সাংবাদিকদের বিরুদ্ধেও সামগ্রিক তদন্ত চলছে। তদন্ত শেষে কারও বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে এবং মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক উপাদান পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবেদন দিয়ে ফরমাল চার্জের মাধ্যমে ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করা হবে।

তদন্তাধীন সাংবাদিকের সংখ্যা বা কারা কারা তদন্তের আওতায় রয়েছেন, তদন্তের স্বার্থে তা এখনই প্রকাশ করার সুযোগ নেই বলে মন্তব্য করেন প্রধান কৌঁসুলি।

আমিনুল ইসলাম বলেন, এক ব্যক্তি ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছেন। সেটি নথিবদ্ধ করে তদন্ত চলছে।

সাগর-রুনি মামলা প্রসঙ্গ

এদিকে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার বিষয়ে প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম বলেন, অন্য একটি মামলার তদন্ত করতে গিয়ে প্রসিকিউশন সাগর-রুনি হত্যা মামলা সংক্রান্ত একটি ‘ক্লু পেয়েছে’।

তিনি বলেন, ওই ক্লুটি ইতোমধ্যে সাংবাদিকদের জানানো হয়েছে। তদন্তের দায়িত্বে থাকা টাস্ক ফোর্সকে ‘ক্লুটি’ হস্তান্তর করা হবে।

আমিনুল ইসলাম বলেন, প্রসিকিউশনের চলমান তদন্তে সাগর-রুনি হত্যা মামলা সংক্রান্ত আরও কোনো তথ্য পাওয়া গেলে তা সংগ্রহ করা হবে। এ ঘটনায় কোনো আনুষঙ্গিক প্রমাণ পাওয়া গেলে সেগুলোও সংগ্রহ করে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের দেওয়া হবে।

মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও রূপা গ্রেপ্তার