মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও রূপা গ্রেপ্তার
মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।
জুলাই অভ্যুত্থানের সময় বিভিন্ন হত্যা ও নির্যাতনে উসকানির অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর দুই সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়। বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন বেঞ্চের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
শ্যামল দত্ত জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক। মোজাম্মেল বাবু একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক এবং ফারজানা রূপা একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক।
এ দিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর জহিরুল আমিন, মার্জিনা রায়হান ও তারেক আবদুল্লাহ।
এর আগে মামলার অভিযোগ সম্পর্কে গত ১৭ অগাস্ট শুনানিতে প্রসিকিউটর ফারুক আহাম্মদ বলেছিলেন, “২০২৪ সালের ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবনের সংবাদ সম্মেলনসহ পরবর্তী সময়ে শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা কোটা সংস্কার আন্দোলন নিয়ে উসকানিমূলক বক্তব্য দেন।”
শিক্ষার্থীদের আন্দোলনের বিরুদ্ধে ‘পাল্টা বয়ান’ তৈরিতে তারা ভূমিকা রেখেছেন বলেও অভিযোগ করা হয়।
প্রসিকিউশনের ভাষ্য ছিল, মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তে এই তিন সাংবাদিকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
ওই আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য গত ১৭ অগাস্ট হাজিরা পরোয়ানা জারি করা হয়। সোমবার সেই আদেশের পর তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল।
এর আগেই অবশ্য অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন এই তিন সাংবাদিক।
২০২৪ সালের ২১ অগাস্ট ফ্রান্স যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফারজানা রূপা ও তার স্বামী সাংবাদিক শাকিল আহমেদকে আটক করা হয়। পরে উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
অন্যদিকে ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর ভোরে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় স্থানীয় লোকজন শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
