৯৯৯ কার্যালয়ের লিফটে আটকা, উদ্ধার ৯৯৯-এ কল করেই
লিফটের দরজা বাঁকা করে আটকে পড়া পুলিশ সদস্যদের উদ্ধার করে ফায়ার সার্ভিস।
ঢাকার গণি রোডে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর কার্যালয়ের লিফটে আটকে পড়েছিলেন আট পুলিশ সদস্য, পরে সেই নম্বরে ‘কল’ পেয়েই তাদের উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার রাতের ওই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন জরুরি সেবা নম্বরের গণমাধ্যম কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডট্কমকে তিনি বলেন, “রাতে পুলিশ সদস্যদের (ডিউটি) পালা বদলের সময় এই ঘটনা ঘটে। লিফটের গড়বড়ে তাদের কয়েক মিনিট সেখানে আটকা থাকতে হয়।”
গণি রোডে ডিএমপির কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টারের তিনটি ফ্লোরে অস্থায়ীভাবে ৯৯৯ এর কাজ চলছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন জানান, রাত ১০টায় কয়েকজন পুলিশ সদস্য লিফটে আটকা পড়েন। পরে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল সেখানে গিয়ে তাদের উদ্ধার করে।
উদ্ধার অভিযানের এক ভিডিওতে দেখা যায়, পাওয়ার টুল দিয়ে লিফটের দরজা বাঁকা করে পুলিশ সদস্যদের বের করে আনা হচ্ছে।
৯৯৯ এ কর্মরত এক এএসআই বলেন, “আমার বন্ধু আটকা পড়েছিল। তারা সবাই খুবই ভয় পেয়েছিল। লিফটের দরজা কোনোভাবেই খোলা যাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিসকে কল করা হয়।”
