Published : 19 Dec 2025, 06:28 PM
সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে হামলার ঘটনায় গান গেয়ে প্রতিবাদ জানিয়েছেন নালন্দা ও ছায়ানট বিদ্যায়তনের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও সংস্কৃতিকর্মীরা।
শুক্রবার বিকাল ৪টায় ছায়ানট সংস্কৃতি-ভবনের সামনে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীতসহ কয়েকটি গান পরিবেশন করা হয়।
প্রতিবাদী এই আয়োজনে অংশ নিয়ে সংস্কৃতিকর্মী আরিফ নূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাতে ছায়ানটে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, তার প্রতিবাদে এটি আমাদের তাৎক্ষণিক প্রতিবাদ।"
ছায়ানটে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে কেউ কেউ প্ল্যাকার্ড হাতেও দাঁড়িয়েছিলেন।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর (একাংশ) সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন এই প্রতিবাদী আয়োজনে অংশ নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছায়ানটে হামলার পর থেকেই অনেকে উৎকণ্ঠা নিয়ে সকাল থেকে ছায়ানটে এসেছেন। আমরাও এসেছি। তাৎক্ষণিকভাবে শিক্ষার্থী, অভিভাবক ও সংস্কৃতিকর্মীরা গান গেয়ে প্রতিবাদ জানিয়েছি।
"আমরা দাবি জানাই, দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।"

ছায়ানটে নিরাপত্তা বাড়ানো হয়েছে: সংস্কৃতি উপদেষ্টা
বেলা আড়াইটার দিকে ছায়ানট ভবন পরিদর্শনে আসেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি বলেন, "ছায়ানট ভবনে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িত প্রত্যেককে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
"আমি ছায়ানট কর্তৃপক্ষকে জানিয়েছি, ক্ষয়ক্ষতি নিরূপন করে যাবতীয় সংস্কার কার্যক্রম শেষ করে প্রতিষ্ঠানটি যেন দ্রুত চালু করা যায়। এ ব্যাপারে আর্থিক সহায়তাসহ সরকার সব ধরনের সহায়তা দেবে।"
ছায়ানটের সংগঠক পার্থ তানভীর নভেদসহ কয়েকজন কর্মকর্তার সঙ্গে আলোচনা করেন উপদেষ্টা।
ছায়ানটের নিরাপত্তা বাড়ানো হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ছায়ানটের বাইরে বিজিবি ও পুলিশ নিয়োজিত রয়েছে।"