১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ছেলের সিসিটিভি ভিডিওতে মায়ের খুনের দৃশ্য, ভাতিজার ‘স্বীকারোক্তি’

আদালত আসামিকে কারাগারে পাঠিয়েছে।

ছেলের সিসিটিভি ভিডিওতে মায়ের খুনের দৃশ্য, ভাতিজার ‘স্বীকারোক্তি’
আবু তালহা সজীব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2026, 09:52 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

ছেলের সিসিটিভি ভিডিওতে ধরা পড়েছে মায়ের খুনের দৃশ্য। সেই ভিডিওয়ের সূত্র ধরে গ্রেপ্তার করা হয়েছে তার চাচাতো ভাইয়ের ছেলেকে। পরে যিনি আদালতে ‘স্বীকারোক্তিমূলক’ জবানবন্দি দিয়েছেন।

রাজধানীর দক্ষিণখানে বৃহস্পতিবার মাহবুব আরা বেগমের (৭১) মৃত্যুর পর তার ছেলে মাহবুব হাসান পরদিন মামলা দায়ের করেন। পরে পুলিশ সিসিটিভি ভিডিওয়ের সূত্র ধরে মাহবুবের চাচাতো ভাইয়ের ছেলে আবু তালহা সজীবকে গ্রেপ্তার করে।

শনিবার মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই আব্দুল্লাহ-আল-মামুন তাকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাৎ আসামি সজীবের ‘স্বীকারোক্তিমূলক’ জবানবন্দি রেকর্ড করেন। এরপর আদালত তাকে কারাগারে পাঠায়। 

প্রসিকিউশন বিভাগের এসআই আবু বক্কর সিদ্দিক এসব তথ্য দিয়েছেন।

মামলার তথ্য অনুযায়ী, ৯ মাস আগে মাহবুব হাসানের বাবা মারা যান। এরপর থেকে তার মা মাহবুব আরা দক্ষিণখানের দক্ষিণ গাওয়াইরে নিজের চতুর্থ তলার বাড়ির দ্বিতীয় তলায় বাস করছেন। বৃদ্ধ মা একা থাকায় ফ্ল্যাটে ও শোয়ার রুমে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন করেন ছেলে মাহবুব হাসান, যিনি সন্তানদের লেখাপড়ার সুবিধার্থে বাস করেন উত্তরা পশ্চিম থানা এলাকায়। সজীব মাহবুব হাসানের চাচাতো ভাইয়ের ছেলে। সে এবং তার পরিবার ওই এলাকায় বসবাস করেন এবং মাহবুব আরার বাসায় যাতায়াত করতেন।

ঘটনার বর্ণনা দিয়ে এজাহারে অভিযোগ করা হয়, বৃহস্পতিবার ব্যবসার কাজের ব্যস্ততায় মায়ের খবর নিতে পারেননি মাহবুব হাসান। রাত ৩টার দিকে মায়ের ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ চেক করার সময় দেখতে পান, বৃহস্পতিবার বিকাল ৫টা ৪১ মিনিটের দিকে সজীব অজ্ঞাতনামা আসামিদের সহায়তায় তার মায়ের মায়ের ফ্ল্যাটে প্রবেশ করেন। শোয়ার রুমে গিয়ে বালিশ ও কাপড় দিয়ে মাহবুব আরার শ্বাসরোধ করার চেষ্টা করেন। বাঁচার জন্য তার মা ধস্তাধস্তি করতে থাকেন। একপর্যায়ে সজীব মাহবুব আরাকে খাট থেকে টেনে হেঁচড়ে ফ্লোরে ফেলে তার ব্যবহৃত ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে। এর ফলে মুখ দিয়ে রক্ত বের হয়ে মাহবুব আরা মারা যান। সজীব মাহবুব আরার ব্যবহৃত স্বর্ণের দুল নিয়ে ফ্ল্যাটের দরজা ভেতর দিয়ে লক করে বের হয়ে চলে যান।

এ ঘটনায় শুক্রবার মাহবুব হাসান দক্ষিণখান থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর গাওয়াইর এলাকা থেকে সজীবকে গ্রেপ্তার করে পুলিশ।