Published : 25 Jun 2026, 11:48 PM
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে প্রক্সির মাধ্যমে লিখিত পরীক্ষায় পাশ করে মৌখিক পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছেন চারজন।
তাদের শাহবাগ থানায় সোপর্দ করার কথা বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ওই চারজন হলেন- মো. মোমিনুল ইসলাম মৃদুল, মো. সোহেল রানা, মো. রোমান ও মামুন মিয়া।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অফিস সহায়ক পদে ১৯ জুনের লিখিত পরীক্ষায় হয়। ফলাফলে মৌখিক পরীক্ষার জন্য ১০৭ জন প্রার্থী নির্বাচিত হন। বুধবার ও বৃহস্পতিবার মৌখিক পরীক্ষা নেওয়া হয়।
“বৃহস্পতিবারের মৌখিক পরীক্ষায় ৩৬ জন প্রার্থীর মধ্যে ৩০ জন অংশগ্রহণ করেন। চারজন প্রার্থী আশানুরূপ পারদর্শিতা দেখাতে না পারা ও লিখিত পরীক্ষার উত্তরপত্রের সঙ্গে হাতের লেখার মিল না পাওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তারা প্রক্সির মাধ্যমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কথা স্বীকার করেন।”