১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অপতথ্য মোকাবিলায় নেদারল্যান্ডসের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ

ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ‘ফ্রেমওয়ার্ক’ প্রণয়নের ওপর গুরুত্ব দেন ডাচ রাষ্ট্রদূত।

অপতথ্য মোকাবিলায় নেদারল্যান্ডসের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ
সচিবালয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে মন্ত্রণালয়ে তার দপ্তরে সাক্ষাৎ করেন ডাচ রাষ্ট্রদূত ইয়োরিস ভ্যান বোমেল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2026, 04:47 PM

Updated : 11 Sep 2026, 03:36 PM

অপতথ্য ও ভুল তথ্যের বিস্তার রোধে নেদারল্যান্ডসের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় বাংলাদেশ।

সেই সঙ্গে গণমাধ্যম, নিউ মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল ইকোসিস্টেম খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদারে আগ্রহ প্রকাশ করেছে দুই পক্ষ।

বুধবার নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইয়োরিস ভ্যান বোমেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। 

সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রাষ্ট্রদূত ইয়োরিস ভ্যান বলেন, “স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডসের একটি শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে।”

বর্তমানে তা শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে।”

তথ্যমন্ত্রী বলেন, “বর্তমান সরকার নির্বাচিত হওয়ার পর থেকে কাজের ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনার চেষ্টা করছে।” 

তিনি গণমাধ্যম ও কমিউনিকেশনের ক্ষেত্রে নেদারল্যান্ডসের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির বিশ্বে নিউ মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল ইকো সিস্টেম নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।

এ বিষয়ে নেদারল্যান্ডস কীভাবে কাজ করছে, মন্ত্রী তা জানতে চাইলে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ‘ফ্রেমওয়ার্ক’ প্রণয়নের ওপর গুরুত্ব দেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ও অতিরিক্ত সচিব মো. শাহ আলম।