১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুরু করেছে: পররাষ্ট্র উপদেষ্টা

“অগ্রগতি হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের জানাব,” বলেন হুমায়ুন কবির।

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুরু করেছে: পররাষ্ট্র উপদেষ্টা
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2026, 07:53 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

দুবাইতে থাকা সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে ফেরানোর প্রক্রিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে শুরু করার কথা বলেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “ফিরিয়ে আনার ব্যাপারে তো আমরা প্রক্রিয়া শুরু করতেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে, আলাপ-আলোচনা চলছে। অগ্রগতি হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের জানাব।”

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ সেখানে জামিনে মুক্তি পেয়েছেন বলে রোববার খবর দিয়েছে দেশের কয়েকটি সংবাদমাধ্যম।

অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া পোস্ট লিখেছে, গত ২৭ জুলাই সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত বেনজীরের জামিন আবেদন মঞ্জুর করে। সব আইনি প্রক্রিয়া শেষে ৩০ জুলাই কারামুক্ত হন সাবেক আইজিপি।

জামিনের ক্ষেত্রে আদালত শর্ত দিয়েছে, বেনজীরের পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।

এদিকে ঢাকায় পুলিশ সদরদপ্তরে ইন্টারপোল শাখা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) এখনো বেনজীরের মুক্তির বিষয়ে কিছু জানে না।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদরদপ্তরে এআইজি এ এইচ এম শাহদাত হোসাইন রোববার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংবাদমাধ্যমে আসা খবরটি তিনি দেখেছেন এবং এ ব্যাপারে এনসিবির সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন।

“তারা আমাকে বলেছে, এ ধরনের কোনো তথ্য তাদের কাছে নেই।"

বেনজীরের জামিনে বেরিয়ে যাওয়ার বিষয়ে আরেক প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন বলেন, “এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনারা আপডেট পাবেন। আমি তো এইমাত্র মিটিং থেকে আসলাম। আপনাদেরকে জানানোর মতো কিছু এখনও আমি জানতে পারিনি।”

এদিকে সংবাদমাধ্যমে খবর আসার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, বেনজীর আহমেদের জামিন আদেশ যেন আদালত বাতিল করে, সেজন্য বাংলাদেশ সরকার দুবাইয়ে আইনি প্রতিষ্ঠান নিযুক্ত করেছে।

শিগগিরই ফেরানোর আশা

আরব আমিরাতের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বেনজীর আহমেদকে দ্রুত ফিরিয়ে আনতে সরকারের আশার কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রোববার ঢাকায় এক অনুষ্ঠান শেষে এক প্রশ্নে তিনি সাংবাদিকদের বলেন, “বাংলাদেশ সরকারের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সরকারের যোগাযোগ চলছে এবং কাগজপত্র আদান-প্রদান হয়েছে। তারা কিছু তথ্য আমাদের কাছ থেকে নির্দিষ্ট করে জানতে চেয়েছে; স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে। সেটা আমরা তাদেরকে সরবরাহ করেছি, কাজ চলছে।

“আমরা আশা করছি, শিগগির এই অভিযুক্ত আসামিকে, বেনজীরকে ঢাকায় ফিরিয়ে এনে তার বিচার কাজ এখানে সম্পন্ন করা যাবে।”

বেনজীরকে প্রত্যর্পণে সরকারের অনুরোধের মধ্যে তার জামিন পাওয়ার বিষয়ে এক প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, “সেটা সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছে।

“সেটা অবশ্যই আমাদের সরকার তাদের সাথে কথা বলবে, আমাদের হোম মিনিস্ট্রি তাদের সাথে কথা বলবে। কথা বলে পরবর্তী কী পদক্ষেপ আমরা নিতে পারি, সেটা আমরা সিদ্ধান্ত নেব।”