১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জমির ক্রেতা সেজে প্রতারণা, দম্পতি গ্রেপ্তার

জমি কেনার কথা বলে বিক্রেতা বা আগ্রহী ক্রেতাকে বাসায় ডেকে নিয়ে জিম্মি করে রাখত এই দম্পতি।

জমির ক্রেতা সেজে প্রতারণা, দম্পতি গ্রেপ্তার

গ্রেপ্তার মো. আব্দুল হালিম ও ইয়াসমিন আক্তার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2023, 05:04 PM

Updated : 17 Feb 2023, 05:04 PM

জমি কেনার কথা বলে প্রতারণার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছে, একই প্রতারণার অভিযোগে এর আগেও তারা গ্রেপ্তার হয়েছিলেন।

গ্রেপ্তার দুজন হলেন- মো. আব্দুল হালিম (৪৫) ও ইয়াসমিন আক্তার (৩২)। বৃহস্পতিবার রাতে ঢাকার মিরপুর পাইকপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

একই অভিযোগে তারা আগেও গ্রেপ্তার হয়েছেন জানিয়ে মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, “গ্রেপ্তার দম্পতি জমি কিনবে বলে বিক্রেতা বা আগ্রহী ক্রেতাকে বাসায় ডেকে নিয়ে জিম্মি করে রাখে। পরে মারধর করে প্রাণনাশের হুমকি দিয়ে সবকিছু হাতিয়ে নেয়।

সাম্প্রতিক ঘটনার বিবরণ দিয়ে ওসি বলেন, জায়গা কেনার নামে বিল্লাল হোসেন নামে এক জমির 'দালালের' কাছে যান আব্দুল হালিম। পরে সিঙ্গাইর এলাকায় জমি দেখালে তা পছন্দ হয়েছে বলে জানান।

এরপর মূল ক্রেতা মিরপুরে আছেন এবং তার সঙ্গে বসে বাকি আনুষ্ঠানিকতা করতে হবে বিল্লালকে জানান হালিম।

ওসি বলেন, “পরে মোবাইলে হালিমের স্ত্রী ইয়াসমিনের সঙ্গে কথা বলেন বিল্লাল। ক্রেতা ভেবে বিল্লাল মিরপুর তাদের বাসায় যান। সেখানে যাওয়ামাত্র আগে থেকে থাকা চারজন তাকে মারধর করে বেঁধে ফেলে। পরে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে প্রথমে সঙ্গে থাকা সাড়ে সাত হাজার টাকা এবং পরে বাসায় ফোন দিয়ে বিকাশের মাধ্যমে আরও ৩৫ হাজার টাকা হাতিয়ে নেন।”