১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আইসিটিতে দুর্নীতির শ্বেতপত্র প্রণয়নে তথ্য আহ্বান

আইসিটি খাতে অনিয়ম, অপব্যবস্থাপনা ও দুর্নীতি খুঁজে বের করতে গঠিত টাস্কফোর্স কাজ করছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2025, 11:28 PM

Updated : 26 Aug 2026, 01:07 PM

আওয়ামী লীগ সরকারের সময়ে তথ্য ও প্রযুক্তি (আইসিটি) খাতে সংগঠিত দুর্নীতি খুঁজে বের করে শ্বেতপত্র আকারে প্রকাশ করতে সবার কাছে চাওয়া হয়েছে।

সরকারের আইসিটি বিভাগ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য আহ্বানের কথা লিখেছে।

গত ১৭ এপ্রিল আইসিটি বিভাগের জন্য টাস্কফোর্স গঠন করা হয়, যার নেতৃত্বে রয়েছেন উন্নয়ন অর্থনীতিবিদ অধ্যাপক এম. নিয়াজ আসাদুল্লাহ।

আইসিটি বিভাগ বলছে, টাস্কফোর্সের মূল উদ্দেশ্য হল ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আইসিটি খাতে অনিয়ম, অপব্যবস্থাপনার তদন্ত ও গবেষণাপূর্বক শ্বেতপত্র প্রণয়ন করা। টাস্কফোর্স ইতোমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছে। কয়েকটি বৈঠকও হয়েছে। সর্বশেষ বৈঠকে শ্বেতপত্র প্রণয়নে নাগরিক ও বিভিন্ন অংশীজনদের সম্পৃক্ত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

“কমিটি দেশবাসীর কাছে তথ্য চেয়ে সহযোগিতা কামনা করেছে, যাতে একটি তথ্যভিত্তিক ও পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ করা যায়। যদি কারও কাছে আইসিটি খাত সংশ্লিষ্ট কোনো দুর্নীতি বা অনিয়ম সম্পর্কে তথ্য থাকে তাহলে নিচের চ্যানেলগুলো ব্যবহার করে তাদের তথ্য, মতামত ও প্রস্তাবনা দিতে পারবেন। পাশাপাশি সব প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের ধাপে আইনি ব্যত্যয় বা অনিয়মের প্রমাণ যেমন টেন্ডার প্রক্রিয়ায় কারসাজি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকল্প স্থান নির্ধারণ ইত্যাদি সম্পর্কেও তথ্য দেওয়া যাবে।”

তথ্য, মতামত ও প্রস্তাব পাঠানো যাবে ictwhitepaperbd2025@gmail.com  ইমেইলে বা www.facebook.com/ictwhitepaperbd2025 ফেইসবুক পেইজে কিংবা www.linkedin.com/company/ictwhitepaperbd2025 লিংকডইনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টাক্সফোর্স প্রধান, রুম ৭০৭, ৭ম তলা, আইসিটি টাওয়ার, আগারগাঁও, ঢাকা ১২০৭ এ সরাসরি তথ্য জমা দেওয়া যাবে। পাশাপাশি ভবনের নিচ তলায় একটি পরামর্শ বাক্স স্থাপন করা হয়েছে। কমিটি প্রাপ্ত তথ্যের যথাযথ গোপনীয়তা ও গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।