১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘মব করে’ স্বজনদের সামনে মারধর করা হয়েছে: আদালতকে রিপন

“দীর্ঘদিন রাজনীতি করেছি, কিন্তু কেউ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ তুলতে পারেনি।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2026, 04:13 PM

Updated : 26 Aug 2026, 05:37 PM

রিমান্ডের শুনানিতে নিজের অসুস্থতার কথা তুলে ধরে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন আদালতকে বলেছেন, ‘মব’ তৈরি তাকে পরিবারের সদস্যদের সামনে ‘মারধর করা হয়েছে’।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে দীন ইসলাম বেপারী হত্যা মামলার রিমান্ড শুনানিতে তিনি এ কথা বলেন।

রিপনকে বসুন্ধরা আবাসিক এলাকায় সোমবার রাত আড়াইটার দিকে ‘মারধর করে’ লোকজন। পরে তাকে পুলিশে দেওয়া হয়। মারধরে আহত রিপনকে পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

পরদিন মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই রাসেল সরদার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। তবে একই আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন রাখেন।

এদিন শুনানিকালে রিপনকে আদালতে হাজির করা হয়। তারপক্ষে অ্যাডভোকেট ওবায়দুল ইসলামসহ কয়েকজন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

এরপর আদালতের অনুমতি নিয়ে কথা বলেন রিপন। 

তিনি বলেন,"আমি দীর্ঘদিন ধরে অসুস্থ। সরকার পতনের সময় হাসপাতালে ভর্তি ছিলাম। আমি দীর্ঘদিন রাজনীতি করেছি। কিন্তু কেউ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ তুলতে পারেনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিলাম। আমাকে মব করে পরিবারের সামনে মারধর করা হয়েছে।"

রিপন বলেন,"আমি শারীরিকভাবে খুব অসুস্থতা অনুভব করছি। আমার হার্টের সমস্যা রয়েছে। অসুস্থতার কারণে বাসায় ছিলাম। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমি কোন অপরাধের সঙ্গে জড়িত না।" 

এ পর্যায়ে এসে কান্নায় ভেঙে পড়েন নিপন। আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করেন তিনি।

শুনানি নিয়ে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেয় বলে প্রসিকিউশন পুলিশের এসআই মহিন উদ্দিন জানিয়েছেন।

দীন ইসলাম বেপারী হত্যা মামলায় অভিযোগ করা হয়, “জুলাই অভ্যুত্থানে সরকার পতনের দিন, অর্থাৎ ২০২৪ সালের ৫ অগাস্ট দুপুর দেড়টার দিকে ছাত্রজনতা শাহবাগের উদ্দেশে মিছিল বের করে। মিছিলটি যাত্রাবাড়ী থানার সামনে চৌরাস্তায় পৌঁছালে পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে।

“তখন দীন ইসলামের শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে মারা যান। এ ঘটনায় গত বছরের ২০ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের হয়।”

স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন দুই দিনের রিমান্ডে