Published : 22 Jan 2026, 02:55 PM
জুলাই আন্দোলন ঘিরে একটি হত্যার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল হাসান রিপনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড পাঠিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এ আদেশ দেন।
প্রসিকিউশন পুলিশের এসআই মহিন উদ্দিন রিমান্ডের তথ্য দিয়েছেন।
রিপনকে বসুন্ধরা আবাসিক এলাকায় সোমবার রাত আড়াইটার দিকে রিপনকে ‘মারধর করে’ লোকজন। পরে তাকে পুলিশে দেওয়া হয়। আহত রিপনকে পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
পরদিন মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই রাসেল সরদার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। তবে একই আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন রাখেন।
এদিন শুনানিকালে রিপনকে আদালতে হাজির করা হয়। তারপক্ষে অ্যাডভোকেট ওবায়দুল ইসলামসহ কয়েকজন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
শুনানি নিয়ে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেয়।
দীন ইসলাম বেপারী হত্যা মামলায় অভিযোগে বলা হয়, “জুলাই অভ্যুত্থানে সরকার পতনের দিন, অর্থাৎ ২০২৪ সালের ৫ অগাস্ট দুপুর দেড়টার দিকে ছাত্রজনতা শাহবাগের উদ্দেশে মিছিল বের করে। মিছিলটি যাত্রাবাড়ী থানার সামনে চৌরাস্তায় পৌঁছালে পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে।
“তখন দীন ইসলামের শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগলে তিনি মারা যান।”
এ ঘটনায় গত বছরের ২০ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের হয়।