Published : 20 Jan 2026, 07:58 PM
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জনতার হাতে আটকের পর মারধরের শিকার স্বেচ্ছাসেবক লীগ নেতা নেতা কামরুল হাসান রিপনকে জুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এ আদেশ দেন।
রিপন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। সোমবার রাত আড়াইটার দিকে তাকে বসুন্ধরা আবাসিক এলাকায় তাকে ধরে ‘মারধর করে’ লোকজন। আহত রিপনকে পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
এরপর জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে দীন ইসলাম বেপারী হত্যার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে হাজির করা হয়।
তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই রাসেল সরদার আদালতে তার সাত দিনের রিমান্ড চেয়ে আবদেন করেন। তবে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
প্রসিকিউশন বিভাগের এসআই মহিন উদ্দিন এ তথ্য দিয়েছেন।
দীন ইসলাম বেপারী হত্যা মামলায় অভিযোগ করা হয়, জুলাই অভ্যুত্থানে সরকার পতনের দিন, অর্থাৎ ২০২৪ সালের ৫ অগাস্ট দুপুর দেড়টার দিকে ছাত্রজনতা শাহবাগের উদ্দেশে মিছিল বের করে। মিছিলটি যাত্রাবাড়ী থানার সামনে চৌরাস্তায় পৌঁছালে পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে।
তখন দীন ইসলামের শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে মারা যান। এ ঘটনায় গত বছরের ২০ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের হয়।