Published : 30 Sep 2025, 01:04 AM
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর ঢাকায় হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার রাত ৯টার দিকে আফতাব নগরে একদল লোক তার ওপর হামলা চলায়। তাদের মারধরে আহত হিরো আলমকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাড্ডা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “আফতাবনগরের শেষ মাথায় কে বা কারা হিরো আলমকে মারছে, এমন তথ্য আমরা পেয়েছি। তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছে জেনে পুলিশ পাঠিয়েছি।”
তিনি বলেন, ঘটনাস্থলেও পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ বলছে, হামলাকারীরা কয়েকটি মোটরসাইকেলে এসে হিরো আলমকে মারধর করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে হিরো আলমকে অ্যাম্বলেন্সে করে হাসপাতালের নেওয়া ও হাসপাতালে শুয়ে থাকার ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, হাসপাতালের শয্যায় শুয়ে আছেন হিরো আলম। তার মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং টি-শার্ট ছিঁড়ে গেছে।
একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন মিলে তাকে অ্যাম্বুলেন্সে তোলার চেষ্টা করছেন। তার মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ বাঁধা।
মুগদা থানার ওসি মো. সাজেদুর রহমান বলেন, ‘পথচারীরা হিরো আলমকে উদ্ধার করে মুগদা হাসপাতালে ভর্তি করেছে বলে জানতে পেরেছি। তার শরীরের অবস্থা কেমন তা বিস্তারিত জানা যায়নি।
তিনি বলেন, হিরো আলমের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।
পুরনো খবর:
ভোটকেন্দ্রে হিরো আলমের ওপর হামলা