১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে হিরো আলমসহ ছয়জনের বিরুদ্ধে মামলা

“আমি ওই নারীকে চিনি না। আমাকে হয়রানি করতে মিথ্যা মামলা করা হয়েছে,” দাবি হিরো আলমের।

ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে হিরো আলমসহ ছয়জনের বিরুদ্ধে মামলা
হিরো আলম

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2025, 11:52 PM

Updated : 10 Sep 2026, 12:41 PM

বিয়ের আশ্বাসে ধর্ষণ, নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 

বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ গত রোববার এ মামলা হয়। 

মামলার অন্য আসামিরা হলেন হিরো আলমের স্ত্রী জেরিন, মেয়ে আলো বেগম, ব্যক্তিগত সহকারী আল আমিন, মালেক ও আহসান হাবাবী সেলিম।

বিচারক মো. আনোয়ারুল হক মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (পিবিআই) বগুড়া কার্যালয়ে পাঠিয়েছেন। 

বগুড়ার কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, হিরো আলম অভিনয়ের সুযোগ করে দেওয়ার আশ্বাসে বাদীকে আকৃষ্ট করেন। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে মৌলভী ডেকে এনে বিয়ের রীতিতে ‘কবুল’ পড়িয়ে বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে তাঁর সঙ্গে বসবাস শুরু করেন। বাদীর কাছ থেকে শর্ট ফিল্ম তৈরির কথা বলে ১৫ লাখ টাকা ধার নেন তিনি।

বাদীর অভিযোগ, বিয়ের কাবিন করার জন্য চাপ দিলে ১৮ এপ্রিল হিরো আলম তাঁকে বগুড়ার বাড়িতে নিয়ে যান এবং গর্ভের সন্তান নষ্ট করতে বলেন। তিনি রাজি না হওয়ায় ২১ এপ্রিল অন্যান্য আসামিরা তাকে মারধর করেন। রক্তক্ষরণ শুরু হলে সেদিনই তাকে শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তার গর্ভপাত ঘটে। পরে ২৪ এপ্রিল তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় এবং ২৬ এপ্রিল পর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।

অভিযোগ সম্পর্কে হিরো আলম বলেন, “আমি ওই নারীকে চিনি না। আমাকে হয়রানি করতে মিথ্যা মামলা করা হয়েছে।”