১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

'সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি মডেল স্কুল ক্যাম্পেইন’ শুরু

এই ক্যাম্পেইনের আওতায় শিক্ষার্থীরা পরিবেশবান্ধব বিকল্প হিসেবে কাগজের কলম, কাগজের ব্যাগ, গিফট র‍্যাপ ও অরিগামি পণ্য তৈরি করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2025, 10:14 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

ঢাকা বিভাগের ১০০ স্কুলে 'সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি মডেল স্কুল ক্যাম্পেইন’ শুরু হয়েছে।

পরিবেশ অধিদপ্তর ঢাকা অঞ্চলের এবং গ্রিন সেভার্স, বিএসআরএম ফাউন্ডেশনের মধ্যে এক সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার পরিবেশ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিভাগের ১৩টি জেলার নির্বাচিত বিদ্যালয়গুলোকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের 'ব্যবহার থেকে সম্পূর্ণ মুক্ত করা' এবং শিক্ষার্থীদের 'পরিবেশবান্ধব জীবনযাত্রায় উদ্বুদ্ধ করা' এ উদ্যোগের লক্ষ্য।

এই ক্যাম্পেইনের আওতায় ঢাকা অঞ্চলের ১০০টি বিদ্যালয়ে গঠিত হবে ইকো–অওয়ারনেস গ্রিন ক্লাব। শিক্ষার্থীরা পরিবেশবান্ধব বিকল্প হিসেবে কাগজের কলম, কাগজের ব্যাগ, গিফট র‍্যাপ ও অরিগামি পণ্য তৈরি করবে।

পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচি আয়োজন এবং ত্রৈমাসিক মূল্যায়নের মাধ্যমে অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে। 

সরাসরি প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী এবং পরোক্ষভাবে ৫০ হাজারের বেশি অভিভাবক ও কমিউনিটি সদস্যকে এ প্রকল্প সম্পৃক্ত করবে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. কামরুজ্জামান বলেন, “একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার আজ বৈশ্বিক পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ। স্কুলের মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকে যদি আমরা প্লাস্টিকমুক্ত জীবনযাপনের শিক্ষা দিতে পারি, ভবিষ্যৎ প্রজন্ম নিজেরাই পরিবর্তনের নেতৃত্ব দেবে।

"এই উদ্যোগ আমাদের পরিবেশ–সুরক্ষা যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।”

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক; ঢাকা অঞ্চলের পরিচালক মো. আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।

এছাড়া গ্রিন সেভার্সের প্রধান নির্বাহী আহসান রনি, বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজের পরিচালক সাবিন আমির ছিলেন অনুষ্ঠানে।