৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

রাজধানীর নিউ মার্কেট এলাকায় গুলি করে একজনকে হত্যা

হাসপাতালের জরুরি বিভাগ থেকে বলা হয়, নিহত ব্যক্তির মাথায় ও বগলে গুলির জখম রয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2026, 09:18 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় গুলি করে একজনকে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে নিউ মার্কেটের পাশে বটতলা এলাকায় ৩০ থেকে ৩৫ থেকে বয়সি ওই যুবককে গুলি করা হয়। এখনও তার পরিচয় জানতে পারেনি পুলিশ। 

পরে গুলিবিদ্ধ ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত আনার কথা জানান।

হাসপাতালের জরুরি বিভাগ থেকে বলা হয়, নিহত ব্যক্তির মাথায় ও বগলে গুলির জখম রয়েছে।

নিউমার্কেট থানার ওসি মো.আইয়ুব বলেন, “রাত ৮টার দিকে নিউ মার্কেটের পাশে বটতলা এলাকায় একজনকে গুলি করে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে গিয়ে অনেক রক্ত দেখেছি। তবে কে গুলিবিদ্ধ হয়েছে এখনো জানি না। 

“গুলিবিদ্ধ ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, আমাদের একটা টিম মেডিকেলে গেছে।”

রাত সাড়ে ৮টার দিকে পুলিশ গুলিবিদ্ধ ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। তখনও তার পরিচয় জানা যায়নি।

গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা এক শিক্ষার্থী মো. মেজবাহ রহমান বলেন, রাত ৮টার দিকে বটতলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। দুইজন মোটরসাইকেলে করে এসে ওই ব্যক্তিকে লক্ষ্য করে কয়েকটি গুলি করেন। তখন গুলিবিদ্ধ ব্যক্তি রাস্তায় পড়ে যান। তখন আশপাশের লোকজন মিলে ধাওয়া দিলে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। যাওয়ার পথে লোকজনদেরও ভয় দেখানোর জন্য গুলি ছোঁড়ে। তারা দুজনেই ক্যাপ ও মাস্ক পরিহিত ছিলেন।

সেখানে অন্তত পাঁচটি গুলির শব্দ শোনার কথা বলছেন প্রত্যক্ষদর্শীরা।