০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধু মেডিকেলের নতুন উপাচার্য সায়েদুর রহমান

চার বছরের জন্য তাকে ওই দায়িত্ব দেওয়া হয়েছে।

বঙ্গবন্ধু মেডিকেলের নতুন উপাচার্য সায়েদুর রহমান
অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2024, 03:33 PM

Updated : 26 Aug 2026, 10:21 AM

ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

চার বছরের জন্য তাকে ওই দায়িত্ব দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধ্যাপক সায়েদুর রহমান উপাচার্য হিসেবে তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা প্রাপ্য হবেন এবং নিয়মিত চাকরির বয়সপূর্ণ হলে মূল পদ থেকে অবসরগ্রহণের আনুষ্ঠানিকতা সেরে উপাচার্য পদের বাকি মেয়াদ পূর্ণ করবেন।

তবে বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন, সে কথাও বলা হয়েছে প্রজ্ঞাপনে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর সর্বস্তরের সংস্কারের দাবির মধ্যে সরকারি-বেসরকারি অধিকাংশ দপ্তরের শীর্ষ পদে পরিবর্তন আসে। আওয়ামী লীগ সরকারের সময়ে বঙ্গবন্ধু মেডিকেলের উপাচার্য পদে নিয়োগ পাওয়া অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হককেও সরে যেতে হয়। 

গত ১৮ অগাস্ট অধ্যাপক দীন মোহাম্মদসহ বঙ্গবন্ধু মেডিকেলের শীর্ষ ছয় কর্মকর্তা পদত্যাগ করেন।

নতুন উপাচার্য অধ্যাপক ডা. সায়েদুর রহমান এর আগে বঙ্গবন্ধু মেডিকেলের ইনফরমেশন টেকনোলজি বিভাগের পরিচালক এবং রেজিস্ট্রার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বঙ্গবন্ধু মেডিকেলে যোগ দেওয়ার আগে স্যার সলিমু্ল্লাহ মেডিকেল কলেজে শিক্ষকতা করেছেন তিনি। 

১৯৭৮ সালে ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করা সায়েদুর রহমান এমবিবিএস করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট পোস্ট গ্র্যাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ থেকে উচ্চতর ডিগ্রি নেন।   

আরও পড়ুন

বিএসএমএমইউর উপাচার্যসহ শীর্ষ ৬ কর্মকর্তার পদত্যাগ