Published : 18 Aug 2025, 01:51 PM
এবার বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান-চাল সংগ্রহের কথা জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
সোমবার এক তথ্য বিবরণীতে বলা হয়, দেশে উৎপাদিত ৩ লাখ ৭৬ হাজার ৯৪২ টন ধান সংগ্রহ করেছে সরকার, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৫০ হাজার টন। এ হিসাবে লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত সংগ্রহের পরিমাণ ২৬ হাজার ৯৪২ টন।
আর ১৪ লাখ টন সিদ্ধ চালের লক্ষ্যমাত্রার বিপরীতে সরকার সংগ্রহ করেছে ১৪ লাখ ৬ হাজার ৫৩৩ টন। এছাড়া ৫১ হাজার টন আতপ চালের লক্ষ্যমাত্রার চেয়ে ৩০৭ টন বেশি চাল সংগ্রহের তথ্য দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
এবারই দেশের ইতিহাসে সর্বোচ্চ খাদ্যসংগ্রহ করা হয়েছে বলেও দাবি করেছে মন্ত্রণালয়।
বাজারে চালের দাম নিয়ন্ত্রণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিবছরই কৃষক ও সরবরাহকারীদের কাছ থেকে ধান, চাল সংগ্রহ করে থাকে। পাশাপাশি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির জন্য বিদেশি উৎস থেকেও চাল ও গম সংগ্রহ করা হয়ে থাকে।
খাদ্যবান্ধব কর্মসূচি, অতিদরিদ্রদের খাদ্য সহায়তা, কাজের বিনিময়ে খাদ্য, ওএমএস, টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিক্রি এবং জরুরি রেশন ও ত্রাণ সরবরাহের জন্য খাদ্যশস্য ব্যবহার করে সরকার।
সবশেষ তথ্য অনুযায়ী, সারা দেশে খাদ্য মন্ত্রণালয়ের গুদামে ২০ লাখ ৫০ হাজার টনের বেশি ধান, চাল ও গম মজুত আছে।
এবার বোরো মৌসুমে ২৪ এপ্রিল থেকে ৩১ অগাস্ট পর্যন্ত ধান ও চাল সংগ্রহ করা হয়। এ মৌসুমে প্রতি কেজি ধান ৩৬ টাকা, সেদ্ধ চাল ৪৯ টাকা দর ঠিক করে সরকার, গত বছরের তুলনায় কেজিপ্রতি ৪ টাকা বেশি। এছাড়া প্রতি কেজি ৩৬ টাকা দরে গম সংগ্রহের দর ঠিক করে সরকার, যদিও লক্ষ্যমাত্রার কথা জানানো হয়নি।
আগেরবার কেজিপ্রতি বোরো ধান ৩২ টাকা, সেদ্ধ চাল ৪৫ টাকা এবং আতপ চাল ৪৪ টাকা দরে কিনেছে সরকার।