হাওরে বন্যার ‘আশঙ্কা’, কন্ট্রোল রুম খুলেছে পাউবো
কন্ট্রোল রুমের মাধ্যমে বন্যা পর্যবেক্ষণ ও তথ্য-উপাত্ত পাউবোর মাঠ পর্যায়ের দপ্তরগুলো থেকে সংগ্রহ ও প্রচার করা হবে।
দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকার সুরমা, কুশিয়ারা, ধনু, বাউলাই, ভুগাই ও কংস নদীতে পানি বেড়েছে, যা আগামী তিন দিন আরও বাড়তে পারে। একই সঙ্গে হাওরাঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টির আভাস থাকায় সেখানে বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এই সতর্কীকরণ কেন্দ্র মঙ্গলবার এমন আভাস দিয়েছে।
এরমধ্যেই টানা বর্ষণে সুনামগঞ্জের মধ্যনগরে মঙ্গলবার ভোরে বাঁধ ভেঙে ইকড়াছই হাওরে পানি প্রবেশ করছে। এতে প্রায় ৬৪ হেক্টর জমির বোরো ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এমন পরিস্থিতিতে হাওরাঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রীয়ভাবে তদারকির জন্য নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
পাউবোর বিজ্ঞপ্তিতে বলা হয়, হাওর অঞ্চলের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ কারণে পাউবো দপ্তরের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে।
এটির সার্বিক দায়িত্বে থাকবেন ওই দপ্তরের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমান।
কন্ট্রোল রুমের মাধ্যমে বন্যা পর্যবেক্ষণ ও তথ্য-উপাত্ত পাউবোর মাঠ পর্যায়ের দপ্তরগুলো থেকে সংগ্রহ এবং প্রচার করা হবে।
কন্ট্রোল রুমের মোবাইল নম্বর – ০১৩১৮২৩৪৯৬২, ০১৩২১১৩৯৫৪২, ০১৩১৮২৩৪৯৬৩ ও ০১৭০৯৬৫৪৭৯১। ইমেইল - ffwcbwdb@gmail.com, ffwc05@yahoo.com
