Published : 08 Apr 2026, 09:27 PM
রাজধানীর নির্বাচিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ও অফলাইন (সশরীরে) ক্লাস চালুর কথা এবার বললেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
ইরান যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয়ে স্কুলে সশরীরে শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি অনলাইনে ক্লাস চালুর পরিকল্পনার কথা বলেছে সরকার।
এ বিষয়ে অংশীজনদের বক্তব্য শুনতে বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সেমিনারে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
‘বৈশ্বিক জ্বালানি সংকটে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা ও বিদ্যুৎ সাশ্রয়’ বিষয়ক এ সেমিনারে তিনি বলেন, “সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে নয়, বরং যেসব প্রতিষ্ঠানের সক্ষমতা আছে–সেসব স্কুলে পাইলট প্রকল্প হিসাবে এটি চালু করা যেতে পারে।”
তিনি বলেন, প্রস্তাবিত মডেলে সপ্তাহজুড়ে কিছুদিন অনলাইন এবং কিছুদিন অফলাইন ক্লাস থাকবে। এতে যানজট ও জ্বালানি ব্যবহারে চাপ কমবে। একই সঙ্গে শিক্ষার্থীরা নিয়মিত পাঠক্রমের মধ্যেই থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে পরে সেমিনারে আলোচনার বিষয় তুলে ধরা হয়।
অনলাইন ক্লাস পরিচালনায় শিক্ষকদের প্রশিক্ষণ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে অনলাইনে মনোযোগী থাকে, সে বিষয়েও নজরদারি প্রয়োজন।
তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতেও শিক্ষাব্যবস্থাকে থামিয়ে না রেখে নতুন পদ্ধতিতে এগিয়ে নিতে হবে। বর্তমান জ্বালানি সংকট, যানজট ও বৈশ্বিক প্রতিযোগিতার প্রেক্ষাপটে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকেও নতুনভাবে ভাবতে হবে। আমরা সবকিছু কেন হুমকি হিসেবে নেব? আমরা চাইলে এটাকে সুযোগ হিসেবেও নিতে পারি।"
ব্যক্তিগত গাড়িতে স্কুলে যাতায়াতে বিপুল জ্বালানি অপচয় হওয়ার কথা তুলে ধরে মিলন বলেন, “করোনাকালে হঠাৎ করে অনলাইন শিক্ষায় যেতে হয়েছিল, কিন্তু ভবিষ্যতের জন্য আমাদের আগে থেকেই প্রস্তুত থাকতে হবে।”
সেমিনারে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, সবার মতামতের ভিত্তিতেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেকের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক বি. এম. আব্দুল হান্নান।