আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
তারেক রহমান আহত সেনা কর্মকর্তার পরিবারের সঙ্গে কথা বলে তাদের সাহস ও সান্ত্বনা দিয়েছেন।
চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী শুক্রবার দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান বলে তথ্য দিয়েছেন তার উপ প্রেস সচিব মো. সুজাদ্দৌলা।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান সিএমএইচে চিকিৎসাধীন ওই সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি আহত সেনা কর্মকর্তার পরিবারের সাথেও কথা বলেছেন এবং তাদের সাহস ও সান্ত্বনা দিয়েছেন।
প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। তার সুচিকিৎসা নিশ্চিত করতেও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।”
এ সময় সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেখানে উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের হাটাজারিতে গত বুধবার সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময়ে আকস্মিক দুঘর্টনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত হন এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন।
পরে আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে ভর্তি করা হয়েছে।
উপ প্রেস সচিব বলেন, “দুর্ঘটনায় দুই সেনা সদস্যের মৃত্যুতে ইতিমধ্যে প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।”
