১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ফাতেহ আলীর কনসার্টের অর্থ গেল জুলাই স্মৃতি ফাউন্ডেশনে

সারজিস আলমের হাতে ১ কোটি ৬৫ লক্ষ ১১ হাজার ৪৮৫ টাকা তুলে দিয়েছেন কনসার্টের আয়োজকরা।

ফাতেহ আলীর কনসার্টের অর্থ গেল জুলাই স্মৃতি ফাউন্ডেশনে
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের হাতে চেক তুলে দিয়েছেন কনসার্টের আয়োজকরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2024, 06:57 PM

Updated : 26 Aug 2026, 11:15 AM

ঢাকার আর্মি স্টেডিয়ামে পাকিস্তানি জনপ্রিয় শিল্পী রাহাত ফাতেহ আলী খানের কনসার্ট থেকে আয়ের অর্থ দেওয়া হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে।

মঙ্গলবার দুপুরে শাহবাগে ফাউন্ডেশনের কার্যালয়ে সাধারণ সম্পাদক সারজিস আলমের হাতে ১ কোটি ৬৫ লক্ষ ১১ হাজার ৪৮৫ টাকা তুলে দেন কনসার্টের আয়োজকরা।

কনসার্ট আয়োজক প্ল্যাটফর্ম 'স্পিরিটস অব জুলাই' এর পক্ষে উপস্থিত ছিলেন মহিউদ্দিন মুজাহিদ মাহি, এসএম এহসান উল্লাহ ধ্রুব, খাইরুল আহসান মারজান, সাদেকুর রহমান সানি, মো. নূর এ আলম চৌধুরী, মো. জাফর আলী এবং রাইয়ান রহমান ইরাত।

মুজাহিদ মাহি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চব্বিশের জুলাই-অগাস্টে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানের একদল শিক্ষার্থী 'স্পিরিটস অব জুলাই' প্ল্যাটফর্মের মাধ্যমে 'ইকোস অব রেভোল্যুশন' কনসার্ট আয়োজন করে। সেখান থেকে আয়কৃত ওই অর্থ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দান করা হয়েছে।”

ঢাকার আর্মি স্টেডিয়ামে গত ২১ ডিসেম্বর ওই কনসার্টের প্রধান আকর্ষণ ছিলেন পাকিস্তানের জনপ্রিয় শিল্পী রাহাত ফাতেহ আলী খান। বিনা পারিশ্রমিকে তিনি সেখানে গান করেন।

সেইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাওয়ালী দল 'সিলসিলা', গণআন্দোলনে গান গেয়ে জেল-জুলুমের শিকার শিল্পী হান্নান ও র‍্যাপার সেজানসহ দেশিয় ব্যান্ডদল চিরকুট, আর্টশেল ও আফটারম্যাথের শিল্পীদের পরিবেশনাও ছিল।

আয়োজকরা আগে থেকেই বলছিলেন, কনসার্ট থেকে আয় করা অর্থ দেওয়া হবে গণআন্দোলনে হতাহতদের পরিবারকে সহায়তায়। এসব পরিবারকে নিয়ে কাজ করা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের হাতে তারা অর্থ তুলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। পরে টিকেটে ভ্যাট ও শুল্ক মওকুফ করে সরকার। শিক্ষার্থীদের জন্যও টিকেটে ছাড় ছিল।

কনসার্ট থেকে অর্জিত অর্থ সংক্রান্ত বিষয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ কয়েকজনকে নিয়ে একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছিল।

পুরনো খবর-

রাফার গানে শুরু, অপেক্ষা রাহাত ফতেহ আলী খানের

ফাতেহ আলীর কনসার্ট: টিকেটে ভ্যাট মওকুফ, বিক্রি 'প্রত্যাশার অর্ধেক

রাহাত ফতেহ আলীর কনসার্টের দিন এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল ফ্রি

ঢাকায় চ্যারিটি কনসার্টে আসছেন রাহাত ফাতেহ আলী খান