১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

প্রবাসীদের ভোটে ব্যয় হবে ৪৮ কোটি টাকা: ইসি

সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকারে কোনো নির্বাচনেও ইভিএম ব্যবহার বাদ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2025, 09:08 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার অষ্টম কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

সভায় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকারের নির্বাচনেও ইলেকট্রনিক ভোটির মেশিন (ইভিএম) ব্যবহার বাদ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কথা ব্ঠৈক শেষে জানান নির্বাচন কমিশনার আবুল ফজুল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, “এবার সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা হবে। এছাড়া ইভিএম আর কোনো নির্বাচনে ব্যবহার হবে না।”

এদিন বেলা ১১টার পরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ কমিশন সভা হয়। চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বিকাল ৫ টায় কমিশন সভার সার্বিক সিদ্ধান্ত সাংবাদিকদের তুলে ধরেন নির্বাচন কমিশনার আবুল ফজুল।

নির্বাচনের আগে ইসি গণপ্রতিনিধিত্ব আদেশ, নির্বাচন কর্মকর্তা বিশেষ আইন, হলফনামা, ইসি সচিবালয় আইন, পোস্টাল ব্যালট, ইভিএম, দল নিবন্ধন অগ্রগতি, ভোটার তালিকা হালনাগাদ, সীমানা নির্ধারণসহ সার্বিক বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ আমলে নিয়ে তা বাস্তবায়নে কাজ করছে।

এর মধ্যেই কমিশনের এ সভায় প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতি ও ইভিএম নিয়ে সিদ্ধান্ত এল।

প্রক্সি, অনলাইন ও পোস্টাল ব্যালট- প্রবাসীদের জন্য এমন তিন ধরনের ভোট পদ্ধতি নিয়ে আলোচনার পর এদিন কমিশন সভায় পোস্টাল ব্যালটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

প্রবাসীদের ভোটিাধিকারের বিষয়ে এ নির্বাচন কমিশনার বলেন, অনলাইন নিবন্ধনের জন্য একটি প্রকল্প নেওয়া হবে। সেই সঙ্গে অনলাইনে নিবন্ধন করলে ইসি সরাসরি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট ভোটারের কাছে পাঠাবে। ভোটদান শেষে তা সংশ্লিষ্ট নির্বাচনি এলাকয় রিটার্নিং অফিসারের কাছে পৌঁছে দেওয়া হবে। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রবাসীদের এ ভোটাধিকারের জন্য ইসির প্রায় ৪৮ কোটি টাকা সম্ভাব্য ধরা হয়েছে।

আবুল ফজল বলেন, “আগে যেমন ব্যালট পাঠানো হতো। এবার হবে আইটি সাপোর্টেড; এজন্য আগেই অনলাইনে নিবন্ধন করতে হবে।”

খালি ব্যালটের মতো একটি বিকল্প নিয়েও ভাবার কথা বলেন তিনি।

“একটা প্রস্তাব আছে সাথে সাথেই ব্যালট প্রিন্ট করা হবে, আরেকটা প্রস্তাব হচ্ছে ব্ল্যাংক ব্যালট। সেখানে প্রার্থীর নাম লিখে ভোটার পাঠিয়ে দেবে। আমরা যদি মার্কা ব্যালটে ছাপিয়ে দুই মাস আগে ব্যালট পাঠাই যাতে মার্কায় ভোট দিয়ে দেয়। এসব প্রস্তাব আছে। প্রবাসী ভোটারদের জন্য রেজিস্ট্রেশনের জন্য আলাদা প্রকল্প হবে-আমরা ট্রায়াল প্রসেসে যেতে পারবো।”

বর্তমান ইসি দায়িত্ব নেওয়ার পর আগেই জানিয়েছিল সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। বৃহস্পতিবার স্থানীয় নির্বাচনেও এ বিষয়ে সিদ্ধান্ত আসে।

সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল বলেন, “ইভিএম আরো কোনো নির্বাচনেই ব্যবহার হবে না। এজন্য পৃথক কমিটি গঠনের মাধ্যমে ইভিএমের বিষয়টি নিষ্পত্তি করা হবে।”

প্রবাসী ভোট: পোস্টাল ব্যালটেই ঝুঁকছে ইসি, নিবন্ধন অনলাইনে

স্থানীয় সরকার নির্বাচনেও ইভিএম বাদ