Published : 29 Sep 2025, 04:10 PM
রমনা থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জাতীয় পার্টির রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মো. মামুনূর রশীদকে জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সোমবার ঢাকার মহানগর হাকিম সারাহ্ ফারজানা হক রিমান্ডের আদেশ দেন।
ঢাকার মিন্টো রোডের মন্ত্রীপাড়ায় গাড়িতে করে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় আটক বাংলাদেশি বংশোদ্ভূত সেই মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর সহযোগী হিসেবে মামুনূর রশীদকে গ্রেপ্তারের পর এ আদেশ দিল আদালত।
রাজধানীর হোটেল ওয়েস্টিনের কাছ থেকে রোববার রাতে মামুনূর রশীদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের ইন্সপেক্টর আক্তার মোর্শেদ মামুনূর রশীদকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
মামুনূর রশীদের পক্ষে তার আইনজীবী সিরাজুর হক ফয়সাল রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর কাইয়ুম হোসেন নয়ন জাতীয় পার্টির এই নেতার রিমান্ড প্রার্থনা করেন।

শুনানি শেষে আদালত জিজ্ঞাসাবাদের জন্য ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে প্রসিকিউশন পুলিশের এসআই এসআই জিন্নাত আলী জানিয়েছেন।
মামলার বিবরণীতে বলা হয়েছে, বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক এনায়েত করিম চৌধুরী। তিনি ১৯৮৮ সালে আমেরিকায় যান ও ২০০৪ সালে আমেরিকান পাসপোর্ট পান। বর্তমানে বাংলাদেশের বৈধ অন্তবর্তীকালীন সরকারকে উৎখাত করার জন্য অন্যদেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে ৬ সেপ্টেম্বর তিনি নিউইয়র্ক থেকে বাংলাদেশে আসেন।
মামলায় বলা হয়েছে, ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে মিন্টো রোড এলাকায় প্রাডো গাড়িতে করে ‘সন্দেহজনকভাবে’ ঘুরতে থাকেন। তাকে দেখে সন্দেহ হওয়ায় পুলিশ তার গাড়ি থামায়। কেন এখানে ঘোরাঘুরি করছেন, জানতে চাইলে তিনি পুলিশকে কোনো উত্তর দিতে পারেননি। এজন্য তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং তার কাছে থেকে দুটি আইফোন জব্দ করা হয়।
পরে তার বিরুদ্ধে রমনা মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন। এ মামলায় দুই দফায় এনায়েত করিমকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করেছে গোয়েন্দা পুলিশ।
এছাড়া এনায়েতের সহযোগী এসএম গোলাম মোস্তফা আজাদকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। মামলায় মামুনূর রশীদের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিনের রিমান্ডে পেল ডিবি পুলিশ।
আরও পড়ুন: