জাপার রওশনপন্থি মহাসচিব মামুনূর রশীদ গ্রেপ্তার
“বাংলাদেশি বংশোদ্ভূত সেই মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর বিরুদ্ধে যে মামলা হয়েছে, সে মামলায় মামুনূর রশীদকে গ্রেপ্তার করা হয়েছে।"
জাতীয় পার্টির রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মো. মামুনূর রশীদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
রাজধানীর হোটেল ওয়েস্টিনের কাছ থেকে রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন।
“বাংলাদেশি বংশোদ্ভূত সেই মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর বিরুদ্ধে যে মামলা হয়েছে, সে মামলায় মামুনূর রশীদকে গ্রেপ্তার করা হয়েছে।"
এনায়েতের সঙ্গে মামুনূর রশীদের ‘খুব ঘনিষ্ঠ সম্পর্ক’ আছে দাবি করে অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, "হোটেল বুকিং থেকে শুরু করে সব কাজই মামুনূর রশীদ করে আসছিল।"
জাতীয় পার্টির রওশন এরশাদপন্থিরা গেল বছর জাতীয় কাউন্সিলে কমিটি গঠন করে যে নেতৃত্ব ঠিক করেছিল, তাতে মহাসচিব হিসেবে কাজী মামুনূর রশীদের নাম ঘোষণা করা হয়।
জাতীয় পার্টি এখন তিন খণ্ডে বিভক্ত। দুই বছরের কম সময়ের ব্যবধানে জিএম কাদেরের নেতৃত্বাধীন এই দল থেকে আলাদা হয়েছে রওশনপন্থি ও আনিসুল ইসলাম মাহমুদের অংশটি।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিপাকে পড়ে জাতীয় পার্টি। গত বছরের অক্টোবরে বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয় আক্রান্ত হয়। একদল লোক ভাঙচুর করে আগুনে ধরিয়ে দেয়। দলটিকে নিষিদ্ধ করার দাবিও ওঠে।
সম্প্রতি জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, গণঅধিকার পরিষদসহ কয়েকটি দল জাতীয় পার্টি কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়ে বিক্ষোভ করেছে। আরেক দফা আগুন দেওয়া হয়েছে দলটির ঢাকা ও বিভিন্ন জেলার কার্যালয়ে।
