Published : 22 Apr 2026, 11:59 PM
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
সংস্থার চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য দিয়ে বলেন, এনটিআরসিএ এর ওয়েবসাইটে উত্তীর্ণ প্রার্থীদের ফল পাওয়া যাবে।
ফল দেখুন এখানে
গত শনিবার বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার নিয়োগের জন্য এ পরীক্ষা হয়।
মোট ১২ হাজার ৯৫১টি পদে নিয়োগের জন্য শিক্ষকদের যোগ্যতা নির্ধারণে প্রথমবারের মত এ পরীক্ষা নেওয়া হয়। এমসিকিউ পদ্ধতির এ লিখিত পরীক্ষা রাজধানীর নয়টি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিতে ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করলেও অংশ নেন ৪৮ হাজার ১৪৬ জন।
উত্তীর্ণ প্রার্থীদের এরপর মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
সোমবার এনটিআরসিএর চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ গত ২৭ জানুয়ারি এক পরিপত্রে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক, সুপারিনটেনডেন্ট ও সহকারী সুপারিনটেনডেন্ট নিয়োগের ক্ষমতা এনটিআরসিএকে দেয়।
২০০৫ সাল থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষার আয়োজন এবং ২০১৬ সাল থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের শিক্ষক-প্রভাষক নিয়োগের প্রার্থী নির্বাচন ও নিয়োগ সুপারিশ করে আসছে এনটিআরসিএ।
আরও পড়ুন-
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নিয়োগ: ভাইভায় থাকবে এআই!