১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সাউথ বাংলা ব্যাংকের আমজাদের সম্পদের হিসাব চাইবে দুদক

প্রাথমিক অনুসন্ধানে তার নামে ৫৯ লাখ ৮৬ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুদক।

সাউথ বাংলা ব্যাংকের আমজাদের সম্পদের হিসাব চাইবে দুদক
এস এম আমজাদ হোসেন

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2026, 05:44 PM

Updated : 11 Sep 2026, 03:56 PM

বিদেশে অর্থ পাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ওঠার পর সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনের সম্পদের হিসাব চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

প্রাথমিক অনুসন্ধানে তার নামে ৫৯ লাখ ৮৬ হাজার ২৫৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুদক। এর পাশাপাশি ভারত ও যুক্তরাষ্ট্রে তার মালিকানাধীন একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগের তথ্য পেয়েছে কমিশন। দেশ-বিদেশে তার আরও সম্পদ থাকার সম্ভাবনাও দেখছেন অনুসন্ধান কর্মকর্তারা।

মঙ্গলবার দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের একথা জানিয়েছেন।

অনুসন্ধানে আমজাদের নামে ৩০ কোটি ৯৪ লাখ ১৮ হাজার ১৬০ টাকার স্থাবর সম্পদ পেয়েছে দুদক। তার অস্থাবর সম্পদের মূল্য দেখানো হয়েছে ১ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৮৯৩ টাকা। স্থাবর ও অস্থাবর মিলিয়ে তার নামে মোট ৩২ কোটি ৫৭ লাখ ৮৫ হাজার ৫৩ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে।

এ ছাড়া পারিবারিক ও অন্যান্য খাতে তার ব্যয় পাওয়া গেছে ১৩ কোটি ৫৭ লাখ ৯০ হাজার ৯৪৪ টাকা। সম্পদ ও ব্যয় মিলিয়ে তার মোট অর্জনের পরিমাণ দাঁড়ায় ৪৬ কোটি ১৫ লাখ ৭৫ হাজার ৯৯৭ টাকা। এর বিপরীতে আমজাদের গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া গেছে ৪৫ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার ৭৪১ টাকার। এ হিসাবে তার গ্রহণযোগ্য আয়ের চেয়ে সম্পদ ও ব্যয় ৫৯ লাখ ৮৬ হাজার ২৫৬ টাকা বেশি।

দুদক বলছে, আমজাদের দেখানো আয়, ব্যয় ও দায়-দেনার প্রমাণ বিস্তারিতভাবে যাচাই করা প্রয়োজন। স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্যও যাচাই করতে চায় কমিশন।

দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন আমজাদের সম্পদ বিবরণী চাওয়ার সুপারিশ করেন। এর ভিত্তিতে কমিশন তার কাছে সম্পদের হিসাব চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

দুদকের তথ্য অনুযায়ী, ভারত ও যুক্তরাষ্ট্রে আমজাদের ব্যবসায় বিনিয়োগ রয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগও অনুসন্ধান করা হচ্ছে। দেশে ও বিদেশে তার আরও সম্পদ থাকার সম্ভাবনা বিবেচনায় নিয়ে তার সম্পদের পূর্ণাঙ্গ হিসাব নিতে চায় কমিশন।

আমজাদ হোসেন সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। ব্যাংকটি ২০১৩ সালে কার্যক্রম শুরু করে। ২০২১ সালে তিনি চেয়ারম্যানের পদ ছাড়েন। ওই বছরই তার বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। 

সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান থাকার সময় ব্যাংকটির ঋণ বিতরণে অনিয়মের অভিযোগেও আমজাদের নাম আসে। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে ব্যাংক থেকে ঋণের নামে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে একাধিক মামলার পাশাপাশি অনুসন্ধান চালাচ্ছে দুদক।

আরও পড়ুন-আরও ১৮ কোটি টাকা আত্মসাৎসাউথ বাংলার আমজাদের বিরুদ্ধে দুই মামলা